বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাগারে নেওয়ার ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে স্বেচ্ছাসেবক দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
খন্দকার মোশাররফ হোসেন বলেন, ওয়ান-ইলেভেনের তত্ত্বাবধায়ক সরকারের সময় শেখ হাসিনা ও খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা হয়। বর্তমানে শেখ হাসিনার সব মামলাগুলো বাতিল করা হয়েছে। কিন্তু বিএনপি চেয়ারপারসনের মামলাগুলো সচল রয়েছে। এসব মামলায় সরকার বিএনপি নেত্রীকে শাস্তি দেওয়ার পাঁয়তারা করছে।
‘বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৯ম কারামুক্তি দিবস’ শীর্ষক সভায় তিনি বলেন, তারেক রহমান বিগত তত্ত্বাবধায়ক সরকারের টার্গেট ছিল। একই ধারাবাহিকতায় তিনি বর্তমান ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারেরও টার্গেট। আর এই ষড়যন্ত্রের মূল কারণ, সরকার তারেক রহমান ও জিয়া পরিবারকে ভয় পায়।
বিএনপির এ নেতা বলেন, গুম, খুন, অপহরণ ও অপকর্ম করে আওয়ামী লীগ সরকারের পাপের বোঝা বেড়ে গেছে। তারা আর পাপের বোঝা বইতে পারছে না।
বর্তমানে বিরোধী দলের রাজনীতি করার গণতান্ত্রিক অধিকার নেই মন্তব্য করে তিনি বলেন, বিএনপি রাস্তায় ১০ জনের মিছিল বের করলেও পুলিশ গুলি করে। তবে ক্ষমতাসীনদের মনে রাখতে হবে জনগণের প্রতিরোধের মুখে পাকিস্তানের হানাদার বাহিনী ও স্বৈরাচার এরশাদ টিকতে পারেনি। বর্তমান একদলীয় সরকারও টিকতে পারবে না।
স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ- সভাপতি মনির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন, বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি গোলাম সরোয়ার, উত্তরের আহ্বায়ক ইয়াসিন আলী প্রমুখ।


