আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিচার বিভাগের সচিবালয় গঠনে আইন মন্ত্রণালয়ের ক্ষমতা নেই। এটা করতে হলে মন্ত্রী পরিষদের অনুমোদন সাপেক্ষে সংসদে আইন পাশ করে করতে হবে।
এক বিচারপতির বিচার বিভাগ সচিবালয় গঠন সম্পর্কে এক মন্তব্যের ব্যাখা দিয়ে আইনমন্ত্রী বুধবার মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি বলেন, বিচার বিভাগ স্বাধীন।
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, জনগণের চাওয়া অনুযায়ী একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের সম্পত্তির বিষয়ে ব্যবস্থা নিতে নতুন আইন করার চিন্তাভাবনা চলছে।
তবে মানবতাবিরোধী অপরাধীদের সম্পত্তির বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হবে, মন্ত্রী তা স্পষ্ট করেননি। এ প্রসঙ্গে আনিসুল হক বলেন, জনগণ কী দাবি করছে, তা তিনি ভালো করেই জানেন। এ ক্ষেত্রে নতুন আইন করাই শ্রেয়।
আইনমন্ত্রী জানান, মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধে সংগঠনের বিচারের লক্ষ্যে আইন সংশোধনের প্রস্তাব মন্ত্রিসভায় উপস্থাপনের অপেক্ষায় আছে। জামায়াতের বিচারের জন্য উপযুক্ত আইন করা হচ্ছে বলেও ইঙ্গিত দেন মন্ত্রী।
দুই মন্ত্রীর শপথ ভঙ্গের বিষয়ে জানতে চাইলে আনিসুল হক বলেন, তিনি মনে করেন, তাঁদের মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করার প্রয়োজন নেই।


