বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

জাদুঘর থেকে জিয়ার ‘স্বাধীনতা পদক’ সরিয়ে ফেলা হয়েছে

ziaur-rahmanরাজধানীর শাহবাগে অবস্থিত জাতীয় জাদুঘরে সংরক্ষিত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘স্বাধীনতা পদক’ সরিয়ে ফেলা হয়েছে। জাতীয় জাদুঘরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ইকরাম আহমেদের সঙ্গে মন্ত্রী পরিষদ বিভাগের কর্মকর্তাদের এক বৈঠকের পর বিকেলে ওই পদক এবং পদকের সাথে পাওয়া ক্রেস্ট সরিয়ে ফেলা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন, জাতীয় জাদুঘরের ডেপুটি-কিপার শিহাব শাহরিয়ার।

২০০৩ সালে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার জিয়াউর রহমানকে মরণোত্তর স্বাধীনতা পদক দেয়। ওই সময় জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছিল। সে সময় পুরস্কারের মেডেল, সম্মাননাপত্র কোনো উত্তরাধিকারীকে না দিয়ে বাংলাদেশ জাদুঘরের একটি কর্নারে যথাযোগ্য মর্যাদায় সংরক্ষণ করার সিদ্ধান্ত নেয়া হয়। ওই সময় বিএনপি নেতৃত্বাধীন জোট সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেও এই পুরস্কার দিয়েছিল।

চলতি বছরের জুলাই মাসে সরকারের উচ্চপর্যায় থেকে একটি নথি কমিটিতে পাঠানো হয়। যেখানে প্রয়াত জিয়াউর রহমানের রাষ্ট্রপতি পদ বা রাষ্ট্রপতি হিসেবে রাষ্ট্রক্ষমতায় আরোহণের বিষয়টি হাইকোর্টে রিট পিটিশন আদেশের মাধ্যমে অবৈধ ঘোষণার কথা উল্লেখ করা হয়।

এছাড়া নথিতে স্বাধীনতা পুরস্কার সংক্রান্ত সংশোধিত নির্দেশমালার বিষয় উল্লেখ করা হয়। বলা হয়, স্বাধীনতা পুরস্কার দেশের সর্বোচ্চ জাতীয় ও রাষ্ট্রীয় পুরস্কার। তাই এই পুরস্কারের জন্য চূড়ান্তভাবে প্রার্থী নির্বাচনকালে দেশ ও মানুষের কল্যাণে অসাধারণ অবদান রেখেছেন এমন সীমিত সংখ্যক ব্যক্তি বা প্রতিষ্ঠানকেই বিবেচনা করা হয়।

আরও পড়ুন