অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় সিলেট সিটি করপোরেশনের বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরীকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে আবেদন করেছেন রাষ্ট্রপক্ষ।
বুধবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মির্জা হোসেইন হায়দার আবেদনটি শুনানির জন্য নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দিয়েছেন। বৃহস্পতিবার বিষয়টি নিয়মিত বেঞ্চে শুনানির জন্য কার্য তালিকায় আসবে।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।
এর আগে সোমবার সিলেট সিটি করপোরেশনের বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরীকে জামিন দেন হাইকোর্ট।
বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে আরিফুল হকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মঈনুল হোসেন, সঙ্গে ছিলেন অ্যাডভোকেট আব্দুল হালিম কাফি। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মোহাম্মদ বশিরউল্লাহ।
গত ৯ আগস্ট আরিফুল হক চৌধুরীকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।
২০০৫ সালে জানুয়ারি মাসে হবিগঞ্জের বৈদ্যের বাজারে গ্রেনেড হামলায় শাহ এমএস কিবরিয়াসহ পাঁচজন নিহত হন। আহত হন আরও ৪৩ জন। এ ঘটনার পরদিন থানায় মামলা দায়ের করা হয়। পরবর্তীকালে সম্পূরক চার্জশিটে সিলেটের আরিফুল হককে আসামি করা হয়।


