এএফসি অনূর্ধ্ব-১৬ বাছাইপর্বের গ্রুপ চ্যাম্পিয়ন দলের সদস্য ময়মনসিংহের কলসিন্দুরের মেয়ে তাসলিমার বাবা সবুজ মিয়াকে (৪০) মারধর করা হয়েছে। গতকাল বুধবার রাতে জেলার ধোবাউড়া উপজেলার কলসিন্দুর বাজারের মহিলা মার্কেটে এ ঘটনা ঘটে।
মারধরের অভিযোগ উঠেছে কলসিন্দুর হাই স্কুলের শরীরচর্চা শিক্ষক জুবেদ তালুকদার ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে।
তাসলিমার বাবা সবুজ মিয়া সাংবাদিকদের বলেন, বুধবার বিকেলে কলসিন্দুর হাই স্কুলের শরীর চর্চা শিক্ষক জুবেদ তালুকদার অনূর্ধ-১৬ নারী ফুটবল জাতীয় দলের ৯ খেলোয়াড় এবং তাদের অভিভাবকদের নিয়ে সভা করেন। সভায় জুবেদ তালুকদার ১৭ সেপ্টেম্বর ঢাকায় সংবর্ধনা অনুষ্ঠানে যেতে মানা করেন খেলোয়াড়দের এবং তাদের স্কুল টিমের হয়ে খেলতে বলেন। উপস্থিত অভিভাবক ও খেলোয়াড়রা অপরাগতা জানালে তিনি ক্ষিপ্ত হয়ে তাঁদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এ নিয়ে কথাকাটি হয়। পরে রাত ৯টায় কলসিন্দুর বাজারে মহিলা মার্কেটে জুবেদ তালুকদার ও তাঁর সহযোগীরা তাসলিমার বাবা সবুজকে কিল ঘুষি মারেন এবং লাঠিপেটা করেন। ওই সময় তাঁকে হত্যার হুমকিও দেওয়া হয় বলে জানান সবুজ মিয়া।
তাসলিমার বাবাকে মারধরের ঘটনায় খেলোয়াড় ও অভিভাবকদের মাঝে আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। দেশ ও বিশ্বব্যাপী আলোচিত নারী ফুটবলারদের স্বজন নিজ গ্রামে, নিজ এলাকায়, নিজের স্কুল শিক্ষক ও তাঁর সহযোগীদের মাধ্যমে লাঞ্ছিত হওয়ার প্রতিবাদ জানানো হয়।
তাসলিমা রাতে বলেন, ‘আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং বিচার দাবি করি।’
ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আক্কাছ উদ্দিন ভু্ষ্ণা বলেন, ধোবাউড়া থানার ওসিকে দ্রুত ঘটনাস্থলে পৌছে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলম বলেন, উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হাসানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়েছিলেন। তবে অভিযুক্তদের কাউকেই সেখানে পাওয়া যায়নি।



Leave a Reply