সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় সিলেট সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত হওয়া মেয়র আরিফুল হক চৌধুরীর জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদন খারিজ করেছেন আপিল বিভাগ। এতে তাঁর জামিন বহাল রইল।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ আজ বৃহস্পতিবার এই আদেশ দেন।
এই মামলায় ৬ সেপ্টেম্বর হাইকোর্ট আরিফুলের নিয়মিত জামিন মঞ্জুর করেন। জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ গতকাল বুধবার একটি আবেদন করে। আবেদনটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন চেম্বার বিচারপতি। আজ শুনানি শেষে রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করেন আপিল বিভাগ।
শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশির উল্লাহ। অন্যদিকে, আরিফুলের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মইনুল হোসেন। সঙ্গে ছিলেন আবদুল হালিম কাফি।
২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যেরবাজারে জনসভায় গ্রেনেড হামলায় শাহ এ এম এস কিবরিয়াসহ পাঁচজন নিহত হন। এ ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে হবিগঞ্জ সদর থানায় দুটি মামলা হয়।
২০১৪ সাল থেকে আরিফুল কারাগারে আছেন। কিবরিয়া হত্যা মামলায় জামিন বহাল থাকলেও একই ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা থাকায় আরিফুল এখনই মুক্তি পাচ্ছেন না।


