বুধবার ৪ নভেম্বর ২০২৬

২৯ পদে পদোন্নতি চেয়ে আল্টিমেটাম নির্বাচন কমিশন কর্মকর্তা সমিতির

নির্বাচন কমিশনের কর্মকর্তা সমিতিরনির্বাচন কমিশনে সিনিয়র সহকারী সচিব, জেলা নির্বাচন কর্মকর্তা বা সমমানের ২৯টি শূন্য পদে পরীক্ষা ছাড়াই পদোন্নতির দাবি জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। সহকারী সচিব, সহকারী পরিচালক ও উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তা পর্যায়ে পদোন্নতিপ্রত্যাশী এই কর্মকর্তারা ১০-১২ বছর ধরে একই পদে রয়েছেন।

আর পরীক্ষা ছাড়াই পদোন্নতির পেছনে যুক্তি হিসেবে তাঁরা বলছেন, এর আগেও পরীক্ষা ছাড়া ৬৫ কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। সে হিসেবে তাঁরাও পরীক্ষা ছাড়া পদোন্নতি চান। আর এ কথা জানিয়ে কিছুদিন আগে কয়েকজন কর্মকর্তা ইসি সচিব মো. সিরাজুল ইসলামের কাছে চিঠিও দিয়েছেন ।

নির্বাচন কমিশনের একটি সূত্র জানিয়েছে, চলতি সপ্তাহে বাংলাদেশ ইলেকশন কমিশন সার্ভিসেস অফিসার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পদোন্নতিসহ নানা দাবিসংবলিত এই চিঠি ইসির কাছে পাঠানো হয়েছে।

বুধবার প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনার ও সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে অ্যাসোসিয়েশনের সভাপতি ও ইসির যুগ্ম সচিব জেসমিন টুলীর সই করা এ-সংক্রান্ত সভার কার্যবিবরণী জমা দেওয়া হয়েছে। এতে বর্তমান চাকরিবিধি অনুযায়ী পদোন্নতিতে বাধা না থাকায় অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, উপসচিব/সমমানের পদ, সিনিয়র সহকারী সচিব/জেলা নির্বাচন কর্মকর্তা/সমমানের পদে অতিদ্রুত পদোন্নতির দাবি জানানো হয়েছে।

পদোন্নতিপ্রত্যাশী কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁরা আশা করছেন, ২২ সেপ্টেম্বরের মধ্যে তাঁদের দাবি কমিশন মেনে নেবে। আর তা না হলে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তাঁরা।

এই কর্মকর্তারা জানিয়েছেন, নির্বাচন কমিশনে সিনিয়র সহকারী সচিব ও সমমানের পাঁচটি শূন্য পদ রয়েছে। এ ছাড়া আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও উপসচিব সমমান পদে পদোন্নতি দেওয়া হলে আরো ২৪টি পদ শূন্য থাকবে।

অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সচিব বরাবর পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে, চলতি বছরের ২২ জুলাই পরীক্ষার জন্য সিলেবাস প্রণয়ন হয়েছে। কিন্তু কোনো পরীক্ষা না নেওয়া পর্যন্ত ২০০৮ সালের নিয়োগবিধি অনুযায়ী পরীক্ষা ছাড়াই পদোন্নতি দিতে আইনগতভাবে কোনো বাধা নেই। এই বিধির আলোকে এর আগেও দুটি ধাপে পরীক্ষা ছাড়াই ৬৫ জনকে পদোন্নতি দেওয়া হয়েছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।

এসব বিষয়ে ইসির অবস্থান জানতে চাইলে ইসি সচিব মো. সিরাজুল ইসলাম সাংবাদিকদের জানান, কর্মকর্তাদের নির্ধারিত বিধি মেনেই পদোন্নতি দেওয়া হয়। যেহেতু সিলেবাস প্রণয়নের কাজ শেষ হয়েছে, সেহেতু বিধিমালা অনুযায়ী যেভাবে পদোন্নতি হওয়ার কথা, সেভাবেই কর্মকর্তাদের পদোন্নতি দেওয়া হবে।

নির্বাচন কমিশনের নিয়োগবিধিতে বলা হয়েছে, কমিশনের নির্ধারিত প্রশিক্ষণ না নিলে এবং নির্ধারিত সিলেবাস অনুযায়ী পরিচালিত পরীক্ষায় উন্নীত না হলে সিনিয়র সহকারী সচিব, একান্ত সচিব (সিনিয়র সহকারী সচিব), অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা নির্বাচন অফিসার ও উপপরিচালক পদে পদোন্নতি দেওয়া যাবে না।

তবে সেখানে এই শর্তও রয়েছে যে, কমিশন কর্তৃক সিলেবাস প্রণয়ন ও পরীক্ষা গ্রহণ না করা পর্যন্ত এ বিধান প্রযোজ্য হবে না।

আরও পড়ুন