সৌদি বাদশার আমন্ত্রণে হজ পালন করতে সৌদি আরবে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। অন্যদিকে তার বড় ছেলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানও লন্ডন থেকে সপরিবারে সৌদি আরব পৌঁছেছেন। সেখানে দীর্ঘ ১১ মাস পর মা-ছেলের দেখা হয়েছে।
এর আগে তাদের শেষ দেখা হয়েছিল গত নভেম্বরে। সে সময় প্রায় দুইমাস চিকিৎসার জন্য লন্ডনে ছিলেন খালেদা জিয়া।
সৌদি বাদশাহ সালমান বিন আবদুল-আজিজ আল সউদের আমন্ত্রণে পবিত্র হজ পালনের জন্য পৃথকভাবে সৌদি আরবে গেছেন খালেদা জিয়া ও তারেক রহমান।
বিএনপি সূত্রে জানা গেছে, সৌদি আরব স্থানীয় সময় বুধবার দিবাগত রাত ১০টা ২০ মিনিটে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সৌদিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইটে জেদ্দা কিং আব্দুল আজিজ বিমানবন্দরে পৌঁছান।
এর আগে বুধবার বিকেল সোয়া ৫টার দিকে তিনি ঢাকা থেকে রওনা দেন।
এদিকে, ৮ সেপ্টেম্বর স্থানীয় সময় ভোর ৫টায় অ্যামিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে জেদ্দা যান তারেক রহমান, তার স্ত্রী ডা. জোবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান ও মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি।
ঢাকা থেকে খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে সৌদি আরব গেছেন তার উপদেষ্টা পরিষদের সদস্য এনামুল হক চৌধুরী, একান্ত সচিব আবদুস সাত্তার, ব্যক্তিগত আলোকচিত্রী নুরুউদ্দিন আহমেদ, গৃহকর্মী ফাতেমা বেগম প্রমুখ।
বিএনপি নেত্রী খালেদা জিয়ার এটি তৃতীয় হজ। ১৯৯১ সালে প্রধানমন্ত্রী থাকা অবস্থায় এবং ১৯৯৭ সালে বিরোধীদলীয় নেত্রী থাকাকালীন তিনি হজ করেছিলেন। তবে প্রায় প্রতিবছরই রমজানে তিনি ওমরাহ পালন করেন।


