কুমিল্লার চৌদ্দগ্রামে বাস-পিকআপ ভ্যান-অটোরিকশা সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও চার জন।
শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে উপজেলার বাবুর্চি বাজারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান চৌদ্দগ্রাম থানার ওসি আবুল ফয়সাল।
নিহতরা সবাই অটোরিকশা যাত্রী বলে জানালেও তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানাতে পারেননি তিনি।
আহতদের চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্স ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি বলেন, বাবুর্চি বাজার এলাকায় ফেনী থেকে কুমিল্লাগামী মদিনা পরিবনের যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়। এ সময় পেছনে থাকা একটি অটোরিকশা পিকআপ ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে উল্টে সড়কের পাশে খাদে পড়ে যায়।
এতে ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত এবং পিকআপের চালক ও তার সহকারীসহ চার জন আহত হয় বলে জানান তিনি।
চৌদ্দগ্রাম হাইওয়ে পুলিশ সড়ক থেকে দুঘটনা কবলিত বাস-পিকআপ-অটোরিকশা সরিয়ে নেয়।


