বুধবার ৪ নভেম্বর ২০২৬

খাল ও সেপটিক ট্যাংকে দুই শিশুর লাশ

Dead-body-rescueরাজধানীর সবুজবাগের দুই এলাকা থেকে দুই শিশুর লাশ পাওয়া গেছে। আজ শুক্রবার সকাল ১০টার দিকে খাল থেকে এক শিশুর ও সেপটিক ট্যাংক থেকে আরেক শিশুর লাশ উদ্ধার করে পুলিশ।

দুই শিশু হলো, শামীম আহমেদ (১২) ও সাইফ সাদাফ (৬)। তাদের মধ্যে শামীমের লাশ ওয়াসা রোড খালপাড়ে এবং সাইফের লাশ শেখের জায়গা এলাকায় একটি বাড়ির সেপটিক ট্যাংকে পাওয়া যায়।

ফায়ার সার্ভিসের পরিদর্শক মাহমুদুল হক বলেন, শামীমের বাবার নাম শফিকুল ইসলাম। সবুজবাগের ওহাব কলোনি এলাকা তাদের বাসা। গতকাল বৃহস্পতিবার বেলা দুইটার দিকে বাসাবোতে একটি খালে শামীম পড়ে যায়। এরপর ঘটনাস্থল ও আশপাশের এলাকায় শিশুটিকে উদ্ধারে অভিযান চালায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল। আজ সকালে শামীমের লাশ পাওয়া যায়। পরে সবুজবাগ থানা-পুলিশের কাছে শিশুটির লাশ হস্তান্তর করা হয়।

ফায়ার সার্ভিস কর্মকর্তা মাহমুদুল হক আরও বলেন, সাইফের বাবার নাম ইব্রাহিম খলিল। শেখের জায়গা এলাকায় মামা মোশারফ হোসেনের বাসায় কয়েক দিন আগে সাইফ বেড়াতে আসে। গতকাল সকাল থেকে সাইফ নিখোঁজ ছিল। আজ সকালে ওই বাড়ির সেপটিক ট্যাংকে তার লাশ পাওয়া যায়।

সবুজবাগ থানার উপপরিদর্শক মো. দুলাল বলেন, লাশ দুটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন