জঙ্গীবাদ ও সন্ত্রাসী কার্যকলাপ প্রতিরোধে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের অনুপস্থিত ৫৩ শিক্ষার্থীর তালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার এস এম আব্দুল লতিফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তালিকা প্রকাশ করা হয়। বিষয়টি ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিষ্ট্রার ও গণসংযোগ বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. আমানুর আমান নিশ্চিত করেছেন।
তিনি জানান, শিক্ষামন্ত্রণালয় ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের নির্দেশনা অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গীবাদ ও সন্ত্রাসী কার্যকলাপ প্রতিরোধে গত ২৮ আগষ্ট বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালকেদের সমন্বয়ে অনুষ্ঠিত মতবিনময় সভায় ১০ দিনের বেশি অনুপস্থিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশের সিদ্ধান্ত হয়।
এরই প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের ২৫ বিভাগের ৫৩ অনুপস্থিত ছাত্র-ছাত্রীর খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে।
তিনি আরো বলেন, আগামী ২০ সেপ্টেম্বর এর মধ্যে অনুপস্থিত শিক্ষার্থীর অনুপস্থিত থাকার সঠিক কারণ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনকে জানানোর নির্দেশনা দেওয়া হয়েছে। নতুবা উক্ত শিক্ষার্থীরা অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত রয়েছে বলে গণ্য হবে।


