বুধবার ৪ নভেম্বর ২০২৬

পেট্রোল ঢেলে দেড় বছরের শিশুকে পুড়িয়ে হত্যা

পেট্রোল ঢেলে দেড় বছরের শিশুকে পুড়িয়ে হত্যাযশোরে আল ফাতিম নামে দেড় বছর বয়সী এক শিশুকে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার ভোররাতে যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর হামড়াতলা এলাকায় এ ঘটনা ঘটেছে। আগুনে শিশুটির সৎমাও দগ্ধ হয়েছেন।

নিহত শিশু আল ফাতিম ওই এলাকার আল আমিনের ছেলে। আগুন ধরিয়ে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে শিশু আল ফাতিমের দাদী মনোয়ারা বেগম মনুকে আটক করেছে পুলিশ।

যশোর কোতোয়ালি মডেল থানার ওসি ইলিয়াস হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটির দাদী তাকে পুড়িয়ে হত্যা করেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

গুরুতর দগ্ধ সৎমা সীমাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে আল ফাতিম তার সৎমা সীমার (৩০) সঙ্গে ঘরে ঘুমিয়ে ছিল। ভোররাতে ওই ঘরে অগ্নিকাণ্ডের বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন মারাত্মক দগ্ধ অবস্থায় সীমাকে উদ্ধার করে। তবে এর আগেই আগুনে পুড়ে মারা যায় শিশুটি।

স্থানীয় নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই সোহরাব হোসেন জানান, ওই ঘরের ভেতরে তোষক, কাঁথা ও বালিশ এবং সীমার শাড়ি পুড়ে গেছে। ঘটনাস্থল থেকে পেট্রোলের একটি খালি পাত্র উদ্ধার করা হয়েছে। এ কারণে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এ ধারণার ভিত্তিতেই স্থানীয় লোকজন শুক্রবার সকালে আল ফাতিমের দাদী মনোয়ারা বেগমকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

আরও পড়ুন