বুধবার ৪ নভেম্বর ২০২৬

টঙ্গীতে নিহতদের পরিবারকে দুই লাখ টাকা দেবে সরকার

10-09-16-Boilar Blast Pakaging Tongi_DMCH-10গাজীপুরের টঙ্গী বিসিক শিল্প নগরীতে কারখানায় বয়লার বিস্ফোরণে নিহত শ্রমিকদের প্রত‌্যেকের পরিবারকে দুই লাখ টাকা দেবে সরকার।

শনিবার দুপুরে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু এতথ‌্য জানিয়েছেন।

সকালে ট্যাম্পাকো ফয়েলস নামে ওই প‌্যাকেজিং কারখানায় বয়লার বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডে দুপুর পর্যন্ত ২১ জন নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে।

প্রতিমন্ত্রী বলেন, “নিহত শ্রমিকদের প্রত্যেকের পরিবারকে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে দুই লাখ টাকা করে অনুদান দেওয়া হবে।”

নিহতদের মধ‌্যে শ্রমিক ছাড়া এক রিকশাচালকের নামও পাওয়া গেছে। তবে তার অনুদান পাওয়ার বিষয়টি এখনও স্পষ্ট নয়।

এদিকে গাজীপুর জেলা প্রশাসন নিহতদের প্রত‌্যেকের পরিবারকে ২০ হাজার টাকা করে দিচ্ছে। জেলা প্রশাসক এস এম আলম ঘটনাস্থল পরিদর্শনের সময় এই ঘোষণা দেন। আহতদের প্রত‌্যেককে ৫ হাজার টাকা করে দিচ্ছে জেলা প্রশাসন।

আহতদের চিকিৎসার বন্দোবস্ত করার কথা কল-কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক সৈয়দ আহাম্মদও জানিয়েছেন।

তিনি বলেন, “আহত শ্রমিকদের চিকিৎসাও করানো হবে। সেই সাথে কারখানার মালিকদের প্রত্যেক শ্রমিকের পাওনা পরিশোধ করতেই হবে।”

কারখানার মালিক সিলেটের সাবেক বিএনপি সাংসদ সৈয়দ মো. মকবুল হোসেন হতাহত শ্রমিকদের ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

আরও পড়ুন