ঢাকার আজিমপুরে এক জঙ্গি আস্তানায় পুলিশের অভিযান চলার সময় গোলাগুলির ঘটনায় একজন নিহত এবং পুলিশসহ তিন নারী জঙ্গি আহত হয়েছেন।
শনিবার সন্ধ্যায় বিডিআর-২ নম্বর গেইটের কাছের একটি বাসায় এ ঘটনায় আহত তিন নারী ও পাঁচ পুলিশ সদস্যকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে সেখানে দায়িত্বরত র্যাবের ল্যান্স নায়েক জাহিদ জানিয়েছেন।
ঢাকার ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার শাহাবুদ্দীন কোরেশি সাংবাদিকদের বলেন, “পুলিশের সঙ্গে সংঘর্ষে এক যুবক মারা গেছে। তার বয়স ও পরিচয় এখনও আমরা তা জানতে পারিনি। আহত হয়েছে তিনজন নারী। এদের মধ্যে একজনের অবস্থা সংকটাপন্ন।
“ছুরিকাহত হয়েছে দুই পুলিশ সদস্য। সংঘর্ষের সময় তারা পুলিশের চোখে মরিচ নিক্ষেপ করলে আরো তিন পুলিশ সদস্য জখম হয়। এদের সবাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।”
ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানান, পৌনে ৮টার দিকে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা ভাড়াটিয়াদের তথ্য নিতে আজিমপুরের ২০৯/৭ নম্বর বাসায় যান।
“তখন সেখান থেকে পুলিশের ওপর গুলি ও গ্রেনেড ছোড়া হয়। এতে পাঁচ পুলিশ সদস্য আহত হন। এরপর পুলিশ পাল্টা গুলি চালায়।”
আরমান নামে ঘটনার এক প্রত্যক্ষদর্শী বলেন, ওই বাসা থেকে এক নারীকে ছোরা হাতে দৌঁড়ে বের হয়ে আসতে দেখেন। কয়েকজন পুলিশ সদস্য তার পিছু নিয়ে প্রায় ১০০ গজ যাওয়ার পর তার পায়ে গুলি করে।
ওই নারী ‘জঙ্গি’ জানিয়ে তাকে ধরতে এলাকাবাসীর সহায়তা চান পুলিশ সদস্যরা।


