সিলেট রেঞ্জের এডিশনাল ডিআইজি নজরুল ইসলামের ছেলের ওপর হামলার ঘটনা ঘটেছে।
শনিবার সন্ধ্যা ৬টার দিকে নজরুল ইসলামের উত্তরার ফ্ল্যাটে এ হামলার ঘটনা ঘটে।
হামলায় নজরুল ইসলামের ছেলে উত্তরার একটি বেসরকারি স্কুলের ষষ্ট শ্রেণীর ছাত্র সারার ইসলাম ইনান গুরুতর আহত হয়েছে।
রাতে নজরুল ইসলাম জানান, তিনি সস্ত্রীক তার ছোট মেয়েকে নিয়ে বাসার বাইরে ছিলেন। এসময় তার ছেলের কয়েকজন বন্ধু বাসায় বেড়াতে আসে। একে একে সবাই চলে গেলেও রাইদ যায়নি।
পরে সন্ধ্যার দিকে নজরুল ইসলামকে ফোন করেন ওই ছেলের মা তঞ্জনা আহসান। তিনি নজরুল ইসলামকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন এবং তার ছেলের অবস্থান সম্পর্কে জানতে চান।
ফোন পাওয়ার পর নজরুল ইসলাম তার ছেলেকে ফোন করেন। ফোন করে রাইদ বাসায় আছে কি না খোঁজ নেন। একই সঙ্গে তাকে তার বাসায় চলে যেতে বলেন।
ইনান তার বন্ধুকে সঙ্গে নিয়ে উত্তরার বাসায় রিকশাযোগে রওনা দেয়। কিন্তু তার ছেলেকে রিকশায় কেন নেয়া হলো এই প্রশ্ন তুলে তঞ্জনা আহসান নজরুল ইসলামের বাসায় এসে ঢুকেন। এরপর বাসার বেশ কয়েকটি আসবাবপত্র তছনছ করেন। কাঁচের একটি ফুলদানি দিয়ে ইনানের শরীরে আঘাত করা হয়। এতে সে গুরুতর আহত হয়।
এডিশনাল ডিআইজি নজরুল ইসলাম জানান, তিনি এ ঘটনার বিষয়ে উত্তরা পশ্চিম থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
এ বিষয়ে বক্তব্য জানার জন্য তঞ্জনা আহসানের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।


