অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, সবার ওপর কর আরোপের একটি চিন্তা-ভাবনা চলছে। আগামী অর্থবছর থেকে এ সিদ্ধান্ত কার্যকরের প্রক্রিয়া শুরু হতে পারে। যাদের মাসিক আয় ১৬ হাজার টাকা থেকে শুরু, তাঁদের অবশ্যই কর দিতে হবে।
সোমবার দুপুরে সিলেট নগরের শাহী ঈদগাহ এলাকায় ঈদের জামাতের স্থান পরিদর্শনকালে সাংবাদিকদের অর্থমন্ত্রী এ কথা বলেন।
বেসরকারি চাকরিজীবীদের ব্যাপারে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, বেসরকারি চাকরিজীবীদের আয়ের ব্যাপারে সরকারের ধারণা আছে। আমরা সেই অনুযায়ী কর আরোপ করব।
তিনি বলেন, রিজার্ভ চুরির ঘটনায় তদন্ত প্রতিবেদন ২২-২৪ তারিখের মধ্যে পাবলিক করা হবে, এতে বাংলাদেশ ব্যাংকের কেউ জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, বর্তমানে আড়াই লাখ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে কর দিতে হয় না। সে হিসাবে মাসে আয় ২০ হাজার টাকা পর্যন্ত আয়করের আওতার বাইরে।
২০১৫-২০১৬ কর বছরের জন্য প্রযোজ্য আয়কর হার
(ক) ব্যক্তি শ্রেণীর কর হারঃ
(১ )অর্থ আইন, ২০১৫ এর মাধ্যমে ব্যক্তি করদাতা, হিন্দু অবিভক্ত পরিবার, অংশিদারী ফার্ম, ব্যক্তি সংঘ এবং আইনের দ্বারা সৃষ্ট কৃত্রিম ব্যক্তির করমুক্ত প্রদেয় আয়করের এবং সারচার্জ আরোপের বিধানে পরিবর্তন আনা হয়েছে। ২০১৫-২০১৬ কর বছরের জন্য এরূপ করদাতাদের আয়ের উপর প্রযোজ্য কর হার নিম্নরূপঃ
প্রথম ২,৫০,০০০/ -টাকা পর্যন্ত মোট আয়ের উপর কর হার ০%
পরবর্তী ৪,০০,০০০/-টাকা পর্যন্ত মোট আয়ের উপর ১০%
পরবর্তী ৫,০০,০০০/-টাকা পর্যন্ত মোট আয়ের উপর ১৫%
পরবর্তী ৬,০০,০০০/-টাকা পর্যন্ত মোট আয়ের উপর ২০%
পরবর্তী ৩০,০০,০০০/-টাকা পর্যন্ত মোট আয়ের উপর ২৫%
সর্বমোট ৪৭,৫০,০০/- টাকার অধিক আয়ের উপর ৩০%
(২) মহিলা করদাতা এবং ৬৫ বছর বা তদুর্ধ বয়সের পুরুষ করদাতার করমুক্ত আয়ের সীমা ২,৭৫,০০০/-টাকা থেকে বৃদ্ধি করে ৩,০০,০০০/-টাকা করা হয়েছে।
(৩) প্রতিবন্ধী করদাতার করমুক্ত আয়ের সীমা ৩,৫০,০০০/-টাকা থেকে বৃদ্ধি করে ৩,৭৫,০০০/-টাকা করা হয়েছে।
(৪) গেজেটভূক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধার আয়ের সীমা ৪,০০,০০০/-টাকা। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন নং মুবিম/প্রঃ৩/মুক্তিযোদ্ধা/গেজেট/২০০৩/৪৭৯, তারিখঃ ২০শে ভাদ্র ১৪১০/ ৪ঠা ১৪সেপ্টেম্বর ২০০৩ এ উল্লেখিত তালিকায় যে সকল যুদ্ধাহত মুক্তিযোদ্ধার নাম অন্তর্ভুক্ত রয়েছে সেসকল করদাতা এ সুবিধা পাবেন।
(৫) করমুক্ত সীমার ঊর্ধ্বের আয়ের ক্ষেত্রে প্রদেয় ন্যূনতম আয়করের পরিমাণ এলাকাভেদে নিম্নরূপভাবে বিন্যস্ত করা হয়েছেঃ
ক. ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় অবস্থিত করদাতা ৫,০০০/-টাকা
খ. অন্যান্য সিটি কর্পোরেশন এলাকায় অবস্থিত করদাতা ৪,০০০/-টাকা
সিটি কর্পোরেশন ব্যতীত অন্যান্য এলাকায় অবস্থিত করদাতা ৩,০০০/-টাকা
ন্যূনতম আয়করের এ বিধানের ফলে একজন করদাতার আয় যে কোন স্থানেই অর্জিত হউক না কেন তিনি যেখানে অবস্থান করবেন তাঁর সে অবস্থানের ভিত্তিতেই ন্যূনতম করের হার নির্ধারণ হবে। তবে কোন করদাতা যদি একই আয় বছরে একাধিক স্থানে অবস্থান করে থাকেন তাহলে যে স্থানে তিনি সর্বাধিককাল অবস্থান করেছেন সে অবস্থানস্থলের জন্য প্রযোজ্য ন্যূনতম কর হার তাঁর ক্ষেত্রে প্রযোজ্য হবে।



Leave a Reply