বুধবার ৪ নভেম্বর ২০২৬

ঈদ জামাতে প্রথম কাতারে বসা নিয়ে সংঘর্ষ, আহত ১০

ঈদ জামাতে প্রথম কাতারে বসা নিয়ে সংঘর্ষইসলামের অন্যতম ভিত্তি নামাজ। এর অনন্য সামাজিক বৈশিষ্ট্য হলে ধনী-দরিদ্র এবং শক্তিশালী-শক্তিহীন সবার কাঁধে কাঁধ মিলিয়ে যেকোনো কাতারে নামাজ পড়া। আর ঈদের নামাজ হলে তো বলাই বাহুল্য।

অথচ সামনের কাতারে বসা নিয়ে লজ্জাজনক এক কাণ্ড ঘটেছে নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের ডহর শেখহাটি গ্রামে। খোদ ঈদের জামাতেই ঘটে এ কাণ্ড।

মঙ্গলবার সকালে ঈদের জামাতে সামনের কাতারে বসা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হন। আহতদের মধ্যে তিনজনকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, সকাল ৮টায় ঈদের জামাত শুরু হওয়ার কথা। এ সময় প্রথম সারিতে বসা নিয়ে ডহর শেখহাটি গ্রামের মহিদ মোড়লের সমর্থক ইকবাল মোড়লের সঙ্গে নবীজ উদদীন মোড়লের সমর্থক আকবর মোড়লের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

আহত অবস্থায় মহিদ মোড়লের সমর্থক বাকা মোড়ল (৩০), ইকবাল মোড়ল (৩২) ও জালাল মোড়লকে (২৮) যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ছাড়া আকবর মোড়ল (৩৫), শহীদ মোড়ল (৩৮), এখলাছ মোড়ল (৩৯), ইউনুস মোড়ল (৪০) ও সাব্বির মোড়লকে (২৪) নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাস বিশ্বাস বলেন, বিষয়টি তিনি জানেন না। তবে অভিযোগ এলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন