বুধবার ৪ নভেম্বর ২০২৬

শেষ হলো পবিত্র হজ

hajjসৌদি আরবের মক্কায় আজ বুধবার জোহরের নামাজের পর শেষ হলো হজের পাঁচদিনের আনুষ্ঠানিকতা। গত শনিবার, ৮ জিলহজ মিনায় অবস্থানের মধ্য দিয়ে হজের আনুষ্ঠানিকতা শুরু হয়।

বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা প্রায় ১৫ লাখ হাজি এবারের হজে অংশ নেন। তার মধ্যে বাংলাদেশ থেকে এক লাখ এক হাজার ৭৫৮ জন হাজি হজ পালন করেন। এবার বড় ধরনের কোনো দুর্ঘটনার খবর পাওয়া যায়নি। তবে বাংলাদেশ থেকে এবার হজ করতে এসে বিভিন্ন রোগে আক্রান্ত ও অসুস্থ হয়ে ৩৩ হাজির মৃত্যু হয়েছে। তার মধ্যে মক্কায় ২৪ জন, মদিনায় আটজন ও জেদ্দায় একজনের মৃত্যু হয়।

দীর্ঘ ৩৫ বছর পর এবারই প্রথম খুতবা পড়েন ও নামাজের ইমামতি করেন নতুন গ্র্যান্ড মুফতি শায়খ ড. আবদুর রহমান সুদাইস।

এ বছর দুর্ঘটনা এড়াতে সৌদি সরকার কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করে। বিশেষ করে মিনায় শয়তানকে পাথর নিক্ষেপের সময় যাতে কোনো বড় ধরনের  দুর্ঘটনা না ঘটে, সে জন্য সৌদি হজ কর্তৃপক্ষের সব সময় কঠোর নজরদারি ছিল হাজিদের ওপর। গত বছর মিনায় পাথর নিক্ষেপের সময় পদদলিত হয়ে ৭১৭ জন হাজির মৃত্যু হয়। তাই হজে নিরাপত্তাব্যবস্থা জোরদারের উদ্যোগ নেয় সৌদি কর্তৃপক্ষ। এবার মুসলিম বিশ্বের সবার দৃষ্টি ছিল মিনার জামারাতের দিকে।

বিভিন্ন দেশ থেকে আসা প্রায় ১৫ লাখ হাজি মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে নিজের সবকিছু বিলিয়ে দিয়ে মিনায় তিনদিন অবস্থান করে জামারাতে শয়তানকে পাথর নিক্ষেপের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে শেষ করে এবারের হজ কার্যক্রম। এতে হাজিরা অত্যন্ত খুশি এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছেন।

আরও পড়ুন