বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

সড়কমন্ত্রীর সঙ্গে একমত নন ‘বেয়াই’ মন্ত্রী: বললেন, উল্টোপথে গিয়ে মন্ত্রীরা বুদ্ধিমত্তার পরিচয় দিচ্ছেন

উল্টোপথে গিয়ে মন্ত্রীরা বুদ্ধিমত্তার পরিচয় দিচ্ছেনসড়কে উল্টোপথে চললে মন্ত্রী, এমপি, ভিআইপি হলেও ব্যবস্থা নেওয়া হবে বলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের যে বক্তব্য দিয়েছেন, তাতে একমত হতে পারেননি সহকর্মী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, যিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেয়াই।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মনে করেন, নিরাপত্তার প্রয়োজনেই মন্ত্রীরা অনেক সময় সড়কের নিয়ম ভেঙ্গে উল্টোপথ ব্যবহার করেন।

বৃহস্পতিবার মগবাজার-মৌচাক ফ্লাওভারের একটি অংশ উদ্বোধন করতে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নে মোশাররফ বলেন, “আমার বিবেচনায় এটা যানজট সৃষ্টির কোনো বিষয়ই না, বরং একজন মন্ত্রীর সিকিউরিটি অনেক গুরুত্বপূর্ণ- এটা কেউ বিবেচনা করলে আমি বলব যে, সে বুদ্ধিমত্তার পরিচয় দিচ্ছে।”

সড়কে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আইন ভেঙে উল্টো পথে গাড়ি চালানোর প্রবণতাকে যানজট সৃষ্টির অন্যতম কারণ হিসেবে উল্লেখ করে বিভিন্ন সময়ে হতাশা প্রকাশ করেছেন ওবায়দুল কাদের।

গত ৯ সেপ্টেম্বর গাজীপুরে এক অনুষ্ঠানে তিনি বলেন, “পুলিশকে বলা হয়েছে রং সাইডে যারাই যাবেন; তিনি মন্ত্রী হন, এমপি হন, ভিআইপ হন, যে-ই হন, সাধারণ মানুষের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হয়, তার বিরুদ্ধেও ঠিক একই ব্যবস্থা নেওয়া হবে।”

তার বক্তব্যের প্রতিক্রিয়ায় খন্দকার মোশাররফ বলেন, “এটা একটা কোশ্চেন অব পারসেপশন। আমিও একটা ফ্ল্যাগ নিয়ে চলি। শত চেষ্টা করেও আমি উল্টো দিকে যাওয়া বন্ধ করতে পারি না। যারা এটা করে তারা আমার নিরাপত্তাকে প্রাইম হিসেবে দেখে। তারা কখনও মনে করে না, একটা গাড়ি উল্টো দিকে গেলে যানজটের সৃষ্টি হয়।”

তিনি বলেন, “অন্য কেউ যদি মনে করেন একটা গাড়ি গেলেই…..এটা হয়তো পাবলিসিটি স্টাইল। এখানে আমাদের করণীয় নেই। তারা (নিরাপত্তারক্ষী) মনে করে, একজন মন্ত্রী আক্রান্ত হলে তা সমস্ত গভর্নমেন্টের কলঙ্ক। পাবলিসিটি করার জন্য কেউ উল্টা কথা বলে তাহলে সেটা তার ব্যাপার।”

আরও পড়ুন