বুধবার ৪ নভেম্বর ২০২৬

রিকশাচালককে গুলি করার দায়ে অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেফতার

রিকশাচালককে গুলি করার দায়ে অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেফতাররাজধানীর মহাখালীতে এক রিকশাচালককে গুলির ঘটনায় যুবলীগ নেতা সন্ত্রাসী ইউসুফ সরদার সোহেল ওরফে সুন্দরী সোহেলকে লাইসেন্সকৃত পিস্তলসহ গ্রেফতার করেছে পুলিশ। তাকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন জানানো হবে। তার সহযোগী আরেক সন্ত্রাসী শাহ আলমকে গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।

বনানী থানার ওসি মোহাম্মাদ ওয়াহিদুজ্জামান জানান, রিকশাচালককে গুলির মামলায় সন্ত্রাসী সুন্দরী সোহেলকে শুক্রবার গুলশানের হোটেল আমারী থেকে গ্রেফতার করা হয়। এসময় তার লাইসেন্সকৃত পিস্তলটিও জব্দ করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সন্তোষজনক জবাব না পেলে শনিবার আদালতে হাজির করে রিমান্ডের আবেদন জানানো হবে। এ মামলায় অপর আসামি সোহেলের সহযোগী শাহ আলমকেও খোঁজা হচ্ছে। গ্রেফতার ইউসুফ সরদার সোহেল ওরফে সুন্দরী সোহেল বনানী থানা যুবলীগের যুগ্ম আহ্বায়ক। আর পলাতক শাহ আলমও যুবলীগ নেতা।

এর আগে, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে মহাখালীর আমতলী মোড়ে বনানী ২ নম্বর রোডের মাথায় রিকশাচালক কবির হোসেনের পায়ে গুলি করে সুন্দরী সোহেল ও শাহ আলম।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন গুলিবিদ্ধ কবির হোসেন জানান, গুলশান থেকে দুজন যাত্রী নিয়ে তিনি বনানীর দুই নম্বর রোডের মাথায় (আমতলী মোড়) যান। ভাড়া না দিয়ে রিকশা থেকে নেমে হাটা শুরু করেন তারা। এসময় ভাড়া চাইলে তারা কবিরের পায়ে গুলি করে বীরদর্পে চলে যান। পরে তার পরিচিত চাঁন মিয়া তাকে নিয়ে ঢামেক হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় শুক্রবার সুন্দরী সোহেল ও শাহ আলমকে আসামি করে তিনি বনানী থানায় একটি মামলা করেন।

মহাখালী এলাকার সংশ্লিষ্টরা অভিযোগ করেছেন, বছর দুয়েক আগে বিদেশ থেকে দেশে ফিরে যুবলীগের রাজনীতি শুরু করেন সুন্দরী সোহেল। কিছুদিন আগে সোহেল মহাখালীর এক ফল ব্যবসায়ী শ্রমিকলীগ নেতার দুই মেয়েকে তুলে নিয়ে একদিন আটকে রেখে নির্যাতন করেন। কিন্তু ভয়ে মামলা করার সাহস পায়নি ভুক্তভোগী পরিবার। কয়েকদিন আগে কড়াইল টিঅ্যান্ডটি কোরবানির পশুর হাট নিয়ে দ্বন্দ্বে সাবেক এক কমিশনারকে প্রকাশ্যে পিস্তল ঠেকায় সোহেল। সম্প্রতি এক অনুষ্ঠানে বিশেষ অতিথি না করায় এলাকার বর্তমান কাউন্সিলর মো. নাসিরের সামনে এক নেতাকে মারধর ও ফাঁকা গুলি করে।

আরও পড়ুন