ঈদ ফেরতযাত্রার মধ্যে টাঙ্গাইলে মহাসড়কে দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন।
শনিবার সকালে মির্জাপুর ইচাইল এবং বঙ্গবন্ধু সেতুর কাছে আনালিয়া বাড়ি এলাকায় দুটি দুর্ঘটনায় তারা নিহত হন বলে পুলিশ জানিয়েছে।
এর মধ্যে ইচাইলে দুর্ঘটনায় এক শিশু, দুই নারী ও দুই পুরুষ প্রাণ হারিয়েছেন। আনালিয়া বাড়িতে নিহত হয়েছেন দুই মোটর সাইকেল আরোহী।
মির্জাপুরে নিহতদের মধ্যে ছালমা আক্তার (২৫) নামে একজনের নাম জানা গেছে। বাকিদের পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনায় আহত অন্তত ১৭ জনকে মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মহাসড়ক পুলিশের গোড়াই থানার ওসি খলিলুর রহমান পাটোয়ারী বলেন, সকাল ৭টার দিকে ঢাকামুখী একটি বাসের সঙ্গে বিপরীতমুখী ইটবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হলে ঘটনাস্থলেই দুজন প্রাণ হারান। আহত হন আরও অন্তত ২০ জন।
আহতদের কুমুদিনী হাসপাতাল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আরও তিনজনকে মৃত ঘোষণা করেন বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. দুলাল চন্দ্র পোদ্দার জানিয়েছেন।
দুর্ঘটনার পর মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে দুর্ঘটনা কবলিত বাস-ট্রাক মহাসড়ক থেকে সরিয়ে নিলে সকাল ৮টার দিকে যানচলাচল স্বাভাবিক হয়।
টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. মাহাবুব হোসেন নিহতদের পরিবারকে ২০ হাজার এবং আহতদের ১০ হাজার টাকা করে অনুদান দিচ্ছেন বলে মির্জাপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম আহমেদ জানিয়েছেন।
এদিকে মির্জাপুরের ঘটনার দুই ঘণ্টার মাথায় বঙ্গবন্ধু সেতুর মহাসড়কের আনালিয়া বাড়ি এলাকায় একটি প্রাইভেট কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই মোটর সাইকেল আরোহী নিহত হন।


