ঢাকার আজিমপুরে জঙ্গি আস্তানায় অভিযানের সময় আটক তাহরীম কাদেরী রাসেলকে (১৪) তিন দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। এই কিশোর নিহত জঙ্গি তানভীর কাদেরী ওরফে আব্দুল করিমের ছেলে বলে জানা গেছে।
রোববার ঢাকার কিশোর আদালতে মামলার তদন্ত কর্মকর্তা কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সহকারী কমিশনার মো. আহসানুল হক ওই কিশোরকে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন।
আবেদনের প্রেক্ষিতে ঢাকার কিশোর আদালতের বিচারক রুহুল আমিন এই রিমান্ডের আদেশ দেন।
জঙ্গি আস্তানা থেকে আটকের পর সে কাউন্টার টেরোরিজম ইউনিটের হেফাজতেই ছিল।
মামলার নথি সূত্রে জানা যায়, গত ১০ সেপ্টেম্বর রাতে রাজধানীর লালবাগ থানাধীন আজিমপুরের ২০৯/৫ পিলখানা রোডের একটি ছয় তলা আবাসিক ভবনের দ্বিতীয় তলায় অভিযান চালায় কাউন্টার টেরোরিজম ইউনিট।
পরে ওই বাসা থেকে এক জঙ্গির মৃতদেহ, আহত তিন নারী জঙ্গি ও নিহত জঙ্গি করিমের এই কিশোর ছেলেকে অাটক করে পুলিশ।


