বুধবার ৪ নভেম্বর ২০২৬

মুন্সীগঞ্জে দুই বাসের সংঘর্ষে ৪ জন নিহত

মুন্সীগঞ্জে দুই বাসের সংঘর্ষে ৪ জন নিহতমুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় দুটি বাসের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো অন্তত ৩০ জন। নিহতদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী রয়েছেন।

সোমবার দুপুরে ঢাকা-মাওয়া মহাসড়কের নিমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন সিরাজদিখান থানার ওসি ইয়ারদৌস হাসান। তবে তাদের পরিচয় জানাতে পারেননি তিনি।

ওসি বলেন, বেলা দেড়টার দিকে মাওয়াগামী গাংচিল পরিবহন ও ঢাকাগামী প্রচেষ্টা পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে চারজন নিহত হয়েছেন।

আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি হাসান।

মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম জানান, দুর্ঘটনার পর পুলিশ ও এলাকাবাসী হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

“দুর্ঘটনার কারণে মহাসড়কে ২০ মিনিট যান চলাচল বন্ধ ছিল। বাস দুটি রেকার দিয়ে মহাসড়কের পাশে সরিয়ে নেওয়ার পর যান চলাল স্বাভাবিক রয়েছে।”

এসপি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বেপরোয়া গতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে। তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

দুর্ঘটনা কবলিত বাস দুটির চালক পলাতক রয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন