গত দু`বছর ধরে দুর্দান্ত পারফরম্যান্স করে যাচ্ছে পাকিস্তান টেস্ট ক্রিকেট দল। মিসবাহ-উল হকের নেতৃত্বে সর্বশেষ ইংল্যান্ড সফরে ২-২ ব্যবধানে সিরিজ ড্র করেছে পাকিস্তান। এরই পুরস্কার স্বরূপ প্রথমবারেরমত আইসিসি টেস্ট র্যাংকিংয়ে শীর্ষে উঠে আসে পাকিস্তান। তারই আনুষ্ঠানিক স্বীকৃতি মিলল এবার। পাকিস্তানে গিয়ে মিসবাহ-উল হকের হাতে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ট্রফি তুলে দিলেন আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন।
লাহোরের গাদ্দাফী স্টেডিয়ামে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) কার্যালয়ে গিয়ে পাকিস্তানের টেস্ট অধিনায়ক মিসবাহ-উল হকের হাতে ট্রফি হস্তান্তর করেন রিচার্ডসন। এ সময় পাকিস্তান অধিনায়ক মিসবাহ বলেন, আমরা আশা করি খুব শিগগিরই পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফিরবে।
তিনি বলেন, `আইসিসি র্যাংকিংয়ে শীর্ষে উঠে আসার চেয়ে আর কোন কিছু সেরা হতে পারে না। এই দিনটা আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে। ক্রিকেট ক্যারিয়ারে সবচেয়ে সুখি দিন। আর এই স্থানটিই (লাগোর গাদ্দাফী স্টেডিয়াম) হচ্ছে আইসিসি চ্যাম্পিয়নশিপ ট্রফি গ্রহণ করার সবচেয়ে আদর্শ স্থান। যেখানে আমি সাত বছর আগে সর্বশেষ ঘরের মাঠে টেস্ট খেলেছিলাম। টেস্ট র্যাংকিংয়ে শীর্ষে উঠে আসার অভিযাত্রাটা খেলোয়াড় এবং দর্শকদের জন্য এক স্মরনীয় ঘটনা হয়ে থাকবে।`
এ সময় আইসিসির প্রধান নির্বাহীও আশা প্রকাশ করেন, দ্রুতই পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফিরে আসবে। তিনি বলেন, টেস্ট ক্রিকেটে কোন একটি দলের শীর্ষে উঠে আসাটা এক অবিস্মরনীয় ঘটনা। পাকিস্তান যেভাবে খেলেছে, তাতে তারা র্যাংকিংয়ে এক নম্বর স্থান আশা করতেই পারে। তার ওপর, ২০০৯ সাল থেকে তারা নিজেদের দেশের দর্শকদের সামনে টেস্ট সিরিজ খেলতে পারছে না। এ অবস্থায়ও দলটির শীর্ষে উঠে আসাটা বিস্ময়কর।


