ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আবার একটি শিশু চুরি হয়েছে। তিন মাস বয়সী শিশুটি বৃহস্পতিবার বিকালে চুরি হয় বলে জানিয়েছে পুলিশ ও পরিবারের সদস্যরা।
শিশুটির নাম খাদিজা। তার বাবা বাহাদুর ঢালী (৩৫) মস্তিষ্কে টিউমার নিয়ে আড়াই মাস ধরে হাসপাতালের ২০০ নম্বর ওয়ার্ডের বারান্দায় চিকিৎসা নিচ্ছিলেন।
বাহাদুরের সঙ্গে তার স্ত্রী নাসিমা বেগম দুই মেয়ে খাদিজা এবং ১০ বছরের স্বর্ণাকে নিয়ে হাসপাতালে থাকছিলেন। তাদের বাড়ি মাদারীপুরের শিবচরের কাঁঠাল বাড়িতে।
শাহবাগ থানার ওসি আবু বকর সিদ্দিক স্বজনদের বরাত দিয়ে জানান, “তিন দিন আগে এক নারী শিশুটির মা নাসিমার সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলে। বৃহস্পতিবার দুপুরে ওই নারী স্বর্ণাকে জামা কিনে দেওয়ার কথা বলে হাসপাতালের বাইরে আনে। তার কোলে তখন খাদিজা ছিল। জামা পছন্দ করার জন্য সে স্বর্ণাকে তার মাকে ডেকে আনতে বলে। স্বর্ণা ওই নারীর কোলে খাদিজাকে দিয়ে মাকে ডাকতে হাসপাতালের ভেতরে ঢুকে।”
স্বর্ণা মাকে নিয়ে ফিরে আসার মধ্যে ওই নারী শিশুটিকে নিয়ে পালিয়ে যায় বলে ওসি আবু বকর জানান। ওই নারীর পরিচয় জানা যায়নি।
ওসি বলেন, “স্বর্ণার জবানবন্দি নেওয়া হচ্ছে এবং হাসপাতালে থাকা ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে দেখা হবে।”
খাদিজার জন্ম ঢাকা মেডিকেলে হয়নি। দুই বছর আগে ঢাকা মেডিকেল থেকে সদ্যোজাত একটি শিশু চুরি হয়েছিল। তবে চার দিনের মধ্যে তাকে উদ্ধার করে র্যাব।


