বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে ‘প্রেম কি বুঝিনি’ সিনেমাটি। নির্মাণ কাজ শেষে করে সিনেমাটি সেন্সর বোর্ডে জমা দেয়া হয়েছে।
সেন্সর সূত্র জানান, বৃহস্পতিবার দুপুরে সেন্সর বোর্ডে জমা দেয়া হয়েছে সিনেমাটি। কিন্তু কত তারিখে সিনেমাটি সেন্সরে প্রদর্শিত হবে তা এখনো ঠিক করা হয়নি। তবে খুব শিগগিরই সিনেমাটি সেন্সরে প্রদর্শিত হবে।’
বাংলাদেশে আবদুল আজিজ ও কলকাতার সুদীপ্ত সরকারের যৌথ প্রযোজনায় এ সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন কলকাতার দুই অভিনয় শিল্পী শুভশ্রী ও ওম। এছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন জান্নাতুল ফিরদৌস পিয়া, শুভাশিষ মুখোপাধ্যায়, হাসান ইমাম ও রেবেকা।
জাজ মাল্টিমিডিয়ার ও এসকে মুভিজের ‘প্রেম কি বুঝিনি’ সিনেমাটি বাংলাদেশ, ভারত, ইংল্যান্ডে শুটিং হয়েছে। সিনেমাটি আগামী ৭ অক্টোবর সারা দেশে মুক্তি দেয়া হবে। মুক্তিকে সামনে রেখে এর প্রচারে আগামী ২৫ সেপ্টেম্বর ঢাকায় আসছেন শুভশ্রী। কয়েকটি অনুষ্ঠানে যোগ দিয়েই ২৬ সেপ্টেম্বর ভারতে ফিরবেন তিনি।
রোমান্টিক ও কমেডি ধাঁচের ‘প্রেম কি বুঝিনি’ সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন পেলে ভট্টাচার্য। এর আগে ‘আমি শুধু চেয়েছি তোমায়’ যৌথ প্রযোজনার সিনেমায় অভিনয় করেছেন শুভশ্রী। তার বিপরীতে ছিলেন অঙ্কুশ।


