বুধবার ৪ নভেম্বর ২০২৬

ঢাবি ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু

examঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। শুক্রবার সকাল ১০টা থেকে কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে শুরু হলো এ ভর্তি পরীক্ষা। পরীক্ষার নির্ধারিত সময় ১ ঘণ্টা।
সকাল ১০টায় পরীক্ষা শুরু হলেও ৯টা থেকেই ভর্তিচ্ছু শিক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশের অনুমতি পেয়েছেন।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের মোট ৭৩টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ক্যাম্পাসের বাইরের কেন্দ্রগুলো হলো- বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ, গার্হস্থ্য অর্থনীতি কলেজ, ঢাকা সিটি কলেজ, আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ এবং বদরুন্নেছা মহিলা কলেজ।

এ বছর ৫টি ইউনিটে ভর্তিচ্ছু শিক্ষার্থীর সংখ্যা ২ লাখ ৮৬ হাজার ৪৮৩ জন। আসন প্রতি ভর্তিচ্ছু শিক্ষার্থীর সংখ্যা ৪২ জন। ‘খ’ ইউনিটে ২ হাজার ২৪১টি আসনের বিপরীতে ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ৩৪ হাজার ৬০৬ জন। প্রতি আসনের জন্য লড়ছে ১৫ শিক্ষার্থী।

ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে ছাত্র-ছাত্রীসহ সংশ্লিষ্ট কাউকে পরীক্ষার হলে মোবাইল ফোনসহ টেলিযোগাযোগ করা যায় এমন ইলেক্ট্রনিক্স ডিভাইস/যন্ত্র নিয়ে প্রবেশ করতে দেয়া হয়নি। অতিরিক্ত সর্তকতা মেনে প্রতিটি ভবনের প্রবেশ মুখে পুলিশের অবস্থান রয়েছে। এছাড়া গতবারের মতো এবারও ভ্রাম্যমাণ আদালত পরীক্ষার সময় দায়িত্ব পালন করবে।

আরও পড়ুন