ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে বিপ্লব মণ্ডল (১৯) নামে এক রোগী ওয়ার্ড বয়ের ইনজেকশনে মারা যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। ওই ওয়ার্ড বয়কে আটক করেছে পুলিশ। নিহতের স্বজনদের অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়। আটক ওয়ার্ড বয়ের নাম সুমন।
শুক্রবার বিকাল পৌনে ৪টার দিকে এই ঘটনা ঘটে। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি জানান, ‘হাসপাতালে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের স্বজন ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হচ্ছে। বিপ্লব পুরান ঢাকার মিডফোর্ডের একটি ওষুধের দোকানে কাজ করতো।’
নিহত বিপ্লবের বাবা অভিযোগ করেন, ‘গত রবিবার কেরানীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় পড়ে বিপ্লব। এরপর তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। ২০০ নম্বর ওয়ার্ডে সে ভর্তি ছিল। সে সুস্থ ছিল। হাটা চলা করতো। চিকিৎসকরা আমাদের আগামীকাল (শনিবার) সকালে চলে যাওয়ার জন্যও বলেছে। আজ (শক্রবার) বিকালে ওয়ার্ডের স্পেশাল বয় সুমন এসে বলেন, আপনারাতো চলেই যাবেন কাল, একটা ইনজেকশন দেই। ইনজেশকন দেওয়ার পাঁচ মিনিটের মধ্যেই তার মৃত্যু হয়।’
বিপ্লবের বাবা আরও বলেন, ‘আমার ছেলেকে বয় মেরে ফেলছে। সে সুস্থ ছিল। তার বিচার চাই।’
লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।



Leave a Reply