দশম জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশন কাল রোববার বিকেল পাঁচটায় শুরু হবে।
এই অধিবেশন কত দিন চলবে তা কাল বিকেল চারটায় অনুষ্ঠেয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে নির্ধারিত হবে। গত ৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংসদের এ অধিবেশন আহ্বান করেন।
সংসদ সচিবালয় থেকে জানা যায়, শুরু হতে যাওয়া এই অধিবেশনের জন্য পুরোনো ১১টিসহ মোট ১৫টি বিল সংসদে জমা পড়েছে। নতুন চারটি বিল হচ্ছে বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) বিল ২০১৬, বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমি বিল ২০১৬, বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল বিল ২০১৬ ও বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিল ২০১৬।
এ ছাড়া অধিবেশন চলাকালে নতুন কয়েকটি বিল উত্থাপিত হতে পারে।
সংসদের একাদশ অধিবেশন গত ১ জুন শুরু হয়ে ২৭ জুলাই শেষ হয়। ৩২ কার্যদিবস স্থায়ী হওয়া ওই অধিবেশনে চলতি অর্থবছরের বাজেট পাস হয়েছিল।


