বিপুল পরিমাণ অস্ত্রসহ আমজাদ হোসেন সুমন ওরফে কুল সুমন নামে এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে ফেনী গোয়েন্দা পুলিশ। এসময় তার সঙ্গে থাকা সাখাওয়াত হোসেন নামে একজনকে গ্রেপ্তার করা হয়।
শনিবার সন্ধ্যায় শহরের ইসলামপুর রোডে একটি তিনতলা ভবনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ফেনী জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) আবুল কালাম আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের ইসলামপুর রোডের একটি তিনতলা ভবনে অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি দল। এ সময় দুটি বন্দুক, দুটি কাটা রাইফেল, একটি শটগান, শতাধিক রাউন্ড গুলি, কয়েকটি ছোরা, কাটার ও অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
ঘটনায় জড়িত থাকার অভিযোগে ফেনী শহর শাখা যুবদলের যুগ্ম আহ্বায়ক আমজাদ হোসেন সুমন ওরফে কুল সুমনসহ দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।
শনিবার সন্ধ্যায় প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন ফেনী জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) আবুল কালাম আজাদ।


