ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের জের ধরে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে রোববার বিকেলের মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশও দেওয়া হয়েছে।
শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের উপাধ্যক্ষ সজল কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।
কলেজ কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, মেডিকেল কলেজে ছাত্রলীগের নতুন কমিটি গঠন নিয়ে গতকাল শনিবার রাতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন আহত হন। তবে আহত ব্যক্তিদের নাম জানা যায়নি। এ ঘটনায় ক্যাম্পাসে উত্তেজনা দেখা দেয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে কলেজ কর্তৃপক্ষ রাতেই জরুরি বৈঠকে বসে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধ ঘোষণা করা হয়। একই সঙ্গে বিকেল পাঁচটার মধ্যে শিক্ষার্থীদের আবাসিক হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়।


