বুধবার ৪ নভেম্বর ২০২৬

ইউপি চেয়ারম্যানসহ ৭ জন কারাগারে

kara20150811154947নেত্রকোনা সদর উপজেলায় স্কুলছাত্রীকে উত্যক্ত করার জের ধরে সংঘর্ষের ঘটনার মামলায় স্থানীয় লক্ষ্মীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম শফিকুল কাদের সুজাসহ ৭ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

রোববার বিকেলে হাজিরা দিতে গেলে তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আলমগীর কবীর শিপন।

অন্য আসামিরা হলেন- সোহাগ মিয়া, আদুল মোতালেব, আবদুল হেলিম, রায়হান মিয়া, মো. বাবুল মিয়া ও মো. মাখন মিয়া।

আদালত সূত্রে জানা গেছে, নেত্রকোনা সদর উপজেলার লক্ষ্মীগঞ্জ ইউনিয়নের লক্ষ্মীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে উত্যক্ত করা নিয়ে ২৮ আগস্ট দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়। এতে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফেরদৌস খানসহ বেশ কয়েকজন আহত হন।

এ ঘটনায় পরদিন ২৯ আগস্ট মো. ফেরদৌস খান বাদী হয়ে জেলা বিএনপির প্রাক্তন সাংগঠনিক সম্পাদক ও লক্ষ্মীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম শফিকুল কাদের সুজাসহ ২৯ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করে নেত্রকোনা মডেল থানায় মামলা দায়ের করেন।

ওই মামলায় আজ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামিরা হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। বিচারক আলমগীর কবীর শিপন তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আরও পড়ুন