নড়াইলের লোহাগড়ায় গতকাল রোববার জিয়াউল হাসান (৩৫) নামের এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
উপজেলার শালনগর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. সাজ্জাদুল ইসলাম বলেন, নিহত জিয়াউল শালনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন।
নিহত জিয়াউলের চাচা ও স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এখলাচুর রহমান মোল্লা বলেন, গতকাল রাত সাড়ে নয়টার দিকে শিয়রবর গুচ্ছগ্রাম এলাকা থেকে নিজের বাড়িতে ফেরার পথে হামলার শিকার হন জিয়াউল। তাঁকে কুপিয়ে জখম করা হয়। আশপাশের লোকজন তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত দুইটার তাঁর মৃত্যু হয়।
এখলাচুর রহমান মোল্লা অভিযোগ করেন, আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিনের দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের লোকজন এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম সোমবার বলেন, যশোর মেডিকেল কলেজ হাসপাতালে লাশের ময়নাতদন্ত শেষ হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।


