সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহ্রীরের প্রধান সমন্বয়ক মহিউদ্দিন আহমেদসহ ছয়জনের বিচার শুরু হয়েছে।
আজ মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা ওই ছয় আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।
আগামী ২৪ অক্টোবর এই মামলার সাক্ষ্য গ্রহণের জন্য তারিখ ধার্য করেছেন আদালত।
২০১০ সালে মহিউদ্দিনসহ চারজনের বিরুদ্ধে উত্তরা মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করে পুলিশ।
তদন্ত শেষে ২০১৩ সালের ৯ ফেব্রুয়ারি পুলিশ মহিউদ্দিনসহ ছয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়।
মহিউদ্দিন ২০১০ সালের ২০ এপ্রিল গ্রেপ্তার হন। হাইকোর্ট থেকে ২০১১ সালের ৩ মে জামিন পান। পরের বছর কারাগার থেকে মুক্ত হন। তিনি দাবি করেন, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়। হিযবুত তাহ্রীরের সঙ্গে তাঁর কোনো সংশ্লিষ্টতা নেই।


