তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কুষ্টিয়ার মিরপুরে আওয়ামী লীগ ও জাসদ সমর্থকদের মধ্যে সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার আমলা ইউনিয়নের পারমিটন এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সন্ধ্যায় আওয়ামী লীগের সমর্থক ঝন্টু ও জাসদ সমর্থক রাজা মাস্টার গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ঝন্টুর লোকজন দেশীয় ধারালো অস্ত্র নিয়ে রাজা মাস্টারে বাড়িতে হামলা চালায়। তারা রাজা মাস্টারের লোকজনকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি ও দুটি বোমার বিস্ফোরণ ঘটায়। এতে রাজা মাস্টার গ্রুপের ১৫ জন ও ঝন্টু গ্রুপের পাঁচজন আহত হয়।
আহতদের উদ্ধার করে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।
এ ব্যাপারে মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী জালাল উদ্দিন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।


