বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে ‘প্রেম কি বুঝিনি’ শিরোনামের সিনেমাটি। বাংলাদেশের আবদুল আজিজ ও কলকাতার সুদীপ্ত সরকারের পরিচালনায় এ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন কলকাতার দুই অভিনয়শিল্পী শুভশ্রী ও ওম।
নির্মাণ কাজ শেষ করে সিনেমাটি গত ২২ সেপ্টেম্বর সেন্সর বোর্ডে জমা দেয়া হয়েছে। এমনকি দুই দেশে সিনেমাটি মুক্তির তারিখও ঠিক করা হয়েছে। গতকাল বাংলাদেশ সেন্সর বোর্ডে সিনেমাটি প্রদর্শিত হওয়ার কথা ছিল। কিন্তু তথ্য মন্ত্রণালয় হঠাৎ সিনেমাটি প্রদর্শন করতে নিষেধ করেছে সেন্সর বোর্ডকে।
এ দিকে খুলনা থেকে আনসার উদ্দিন মোল্লা নামের এক ব্যক্তি তথ্য মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠান। এ চিঠিতে অভিযোগ করা হয়- বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মাণ করেছে ‘প্রেম কি বুঝিনি’ সিনেমাটি। কিন্তু যৌথ প্রযোজনার নিয়ম মেনে সিনেমাটি নির্মাণ করা হয়নি। তারপরই নরে চরে বসেন তথ্য মন্ত্রণালয়।
সেন্সর বোর্ডে সিনেমাটি প্রদর্শিত হওয়ার আগে যৌথ প্রযোজনার কমিটি সিনেমাটি আবারও দেখবেন বলে জানা যায়।
এ বিষয়ে সেন্সর বোর্ডের সদস্য ও বাংলাদেশ পরিচালক সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘গতকাল প্রেম কি বুঝিনি সিনেমাটি সেন্সর বোর্ডে প্রদর্শিত হওয়ার কথা ছিল। কিন্তু তথ্য মন্ত্রণালয় সিনেমাটি দেখতে নিষেধ করে। সিনেমাটি নিয়ে বিভিন্ন অভিযোগ উঠায় যৌথ প্রযোজনার কমিটি সিনেমাটি আবার দেখবেন। এরপর সিনেমাটি সেন্সর বোর্ডে প্রদর্শিত হবে।’
এ প্রসঙ্গে জাজ মাল্টিমিডিয়ার সিইও আলিমুল্লাহ খোকন বলেন, ‘এ বিষয়ে আমি এখনো কিছু জানি না। জাজ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান এখন দেশের বাইরে আছেন। ওনি দেশে ফিরলে এ বিষয়ে কথা বলবেন।’
শুভশ্রী ও ওম ছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস পিয়া, শুভাশিষ মুখোপাধ্যায়, হাসান ইমাম ও রেবেকা।
জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজের ‘প্রেম কি বুঝিনি’ সিনেমাটি বাংলাদেশ, ভারত, ইংল্যান্ডে শুটিং হয়েছে। সিনেমাটি আগামী ৭ অক্টোবর সারা দেশে মুক্তি দেয়া হবে। মুক্তিকে সামনে রেখে এরই মধ্যে প্রচারে ঢাকায় এসেছিলেন শুভশ্রী।
রোমান্টিক ও কমেডি ধাঁচের ‘প্রেম কি বুঝিনি’ সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন পেলে ভট্টাচার্য। এর আগে ‘আমি শুধু চেয়েছি তোমায়’ যৌথ প্রযোজনার সিনেমায় অভিনয় করেছেন শুভশ্রী। তার বিপরীতে অভিনয় করেছেন অঙ্কুশ।


