সাভার বিশ্ববিদ্যালয় কলেজের ভেতরে অফিস সহকারী গাজী সামছুদ্দিনকে পিটিয়ে আহত করার ঘটনায় আসামি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রকিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বুধবার রাতে সাভারের ব্যাংক কলোনি এলাকায় অভিযান চালিয়ে রকিকে গ্রেপ্তার করে সাভার মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরের পরে তাঁকে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।
সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহফুজুর রহমান জানান, গত ২১ সেপ্টেম্বর বিকেলে সাভার বিশ্ববিদ্যালয় কলেজে অফিস সহকারী সামছুদ্দিনকে সামান্য কারণে মারধর করে কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় সাভার কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাজ উদ্দিন আহম্মেদ তাজুকে প্রধান আসামি করে ছয়জনের নামে মামলা করেন সামছুদ্দিন। এ মামলার দুই নম্বর আসামি ছিলেন রকি। এ ছাড়া বাকি আসামিরা পলাতক রয়েছেসন বলেও জানান তিনি।
এখন পর্যন্ত এই মামলায় কেবল একজনকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে পুলিশ পরিদর্শক বলেন, মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


