বুধবার ৪ নভেম্বর ২০২৬

সংসদ প্রাঙ্গণে হান্নান শাহের জানাজা অনুষ্ঠিত

hannanবিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আ স ম হান্নান শাহের (৭৭) নামাজে জানাজা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে। এর আগে রাজধানীর মহাখালীর ডিওএইচএস মসজিদে তাঁর আরেকটি জানাজা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সংসদ ভবনে বিএনপি নেতা হান্নান শাহের জানাজা হয়। সকাল ১০টার দিকে মহাখালীতে তাঁর আরেকটি জানাজা সম্পন্ন হয়।

সংসদে হান্নান শাহের জানাজায় জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ, বিএনপি নেতা শামসুজ্জামানসহ বেশ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।

গতকাল মঙ্গলবার ভোররাতে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিএনপি নেতা হান্নান শাহ। সেখানকার একটি মসজিদে তাঁর প্রথম নামাজে জানাজা হয়। গতকাল বুধবার সন্ধ্যায় তাঁর মরদেহ সিঙ্গাপুর থেকে ঢাকায় আসে। ওই দিন রাতে মরদেহ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) হিমঘরে রাখা হয়। ঢাকা ও গাজীপুরে একাধিক জায়গায় জানাজা শেষে আগামীকাল শুক্রবার তাঁর মরদেহ দাফন করা হবে।

ডিওএইচএস মসজিদে হান্নান শাহের জানাজায় অংশ নেন, বিকল্পধারা বাংলাদেশের সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, এলডিপির সভাপতি অলি আহমদ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, বিএনপির সাবেক নেতা তানভীর আহমেদ সিদ্দিকী, বিএনপির নেতা ওসমান ফারুক, আলতাফ হোসেন চৌধুরী, রুহুল আলম চৌধুরী, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অলি আহমদ প্রমুখ।

৬ সেপ্টেম্বর সকালে হান্নান শাহ হৃদরোগে আক্রান্ত হন। এরপর তাঁকে প্রথমে সিএমএইচে এবং পরে ১১ সেপ্টেম্বর সিঙ্গাপুরের র‍্যাফেলস হার্ট সেন্টারে ভর্তি করা হয়। ঈদুল আজহার দিন তাঁর হৃদযন্ত্রের ধমনিতে চারটি রিং পরানো হয়েছিল। কিন্তু তাঁর অবস্থার কোনো উন্নতি হয়নি।

সাবেক সেনা কর্মকর্তা হান্নান শাহ ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে অবসরে যাওয়ার পর ১৯৮৩ সালে বিএনপিতে যোগ দেন। ১৯৯১ সালে গাজীপুর-৪ আসন থেকে বিএনপির সাংসদ হয়ে পাটমন্ত্রীর দায়িত্ব পান। তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য হওয়ার আগে ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং চেয়ারপারসনের উপদেষ্টা ছিলেন। এক-এগারোর সময় খালেদা জিয়া গ্রেপ্তার হয়ে কারাগারে গেলে তিনি দলের পক্ষে সোচ্চার ছিলেন।

আরও পড়ুন