বগুড়া সরকারি আজিজুল হক কলেজে স্থানীয়দের সঙ্গে ছাত্রদের বাগবিতণ্ডার মধ্যে ছুরিকাঘাতে এক ছাত্রলীগ কর্মীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।
বৃহস্পতিবার দুপুরে ফুলবাড়ীতে কলেজের পুরাতন ভবনের সামনে এ ঘটনা ঘটে বলে জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই শাহ আলম জানান।
নিহত ইবরাহিম হোসেন সবুজ কাহালু উপজেলার লাহাড়াপাড়ার সাইফুল ইসলামের ছেলে। তিনি কলেজের বাংলা বিভাগের মাস্টার্সের ছাত্র ছিলেন।
সবুজ ছাত্রলীগের কর্মী বলে জানান জেলা ছাত্রলীগের সভাপতি নাইমুল রাজ্জাক তিতাস।
আহত শিবলু (২৫) ফুলবাড়ী এলাকার শেখ মতিনের ছেলে। তাকে শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর লাশ নিয়ে বগুড়া শহরে কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ করতে দেখা গেছে।
তারা শহরের জিরো পয়েন্ট এলাকা প্রায় এক ঘণ্টা অবরোধ করে রেখে গাড়ি ভাঙচুর করে। কয়েকটা সিএনজি, কয়েকটা রিকশা ও একটি মোটরসাইকেল ভাঙচুর করে তারা।
বগুড়ার সহকারী জ্যেষ্ঠ পুলিশ সুপার গাজীউর রহমান বলেন, রিকশা ভাড়া নিয়ে দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতের ঘটনা ঘটে বলে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে।
স্থানীয়রা কেউ কেউ বলছে, এলাকাটিতে ছিনতাইকারীদের উপদ্রব রয়েছে। ছুরিকাঘাতকারী ছিনতাইকারীও হতে পারে।


