বুধবার ৪ নভেম্বর ২০২৬

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বনানীতে ১ জনের মৃত্যু

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বনানীতে ১ জনের মৃত্যুরাজধানীর বনানীতে একটি বাসার সামনে গ্যাস সিলিন্ডার দিয়ে বেলুন ফোলানোর সময় বিস্ফোরিত হয়ে লাল মিয়া (৪৫) নামে একজন বেলুন বিক্রেতার মৃত্যু হয়েছে।

শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে বনানীর ২৫/এ নং রোডের একটি বাসায় এ ঘটনা ঘটে।

লাল মিয়ার ভাগনে মো. শাহাজাহান জানান, লাল মিয়া নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার মফিজ উদ্দিনের ছেলে। নিহত লাল মিয়া উত্তরা বাগদার সাঁতারকুল এলাকায় একা ভাড়া থাকত।

পলমল গ্রুপের সিকিউরিটি ম্যানেজার মোস্তফা জানান, এই গ্রুপের এমডি নাসির সিকদারের ছেলের জন্মদিন উপলক্ষে ওই বেলুন বিক্রেতার সঙ্গে চুক্তি করে নিয়ে আসা হয়। তিনি বাড়ির সামনে রাস্তায় গ্যাস সিলিন্ডার দিয়ে বেলুন ফুলাচ্ছিলেন। হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাম্প ইনচার্জ এসআই জানান, তার শরীরের বিভিন্ন জায়গায় বিস্ফোরণের চিহ্ন পাওয়া গেছে। লাশ মর্গে রাখা হয়েছে।

আরও পড়ুন