শেরপুরের নালিতাবাড়ীতে উপজেলা ভূমি অফিসের অফিস সহকারী রুহুল আমিন (৩৫) নামে এক কর্মচারীকে রোববার দুপুরে নগদ ঘুষ গ্রহণের সময় হাতেনাতে ৪৯ হাজার ৩১৫ টাকাসহ আটক করেছে দুর্নীতি দমন কমিশন।
দুদক ও ভূমি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের কালাকুমা গ্রামের লিননী চিরান (৫৫) নামে আদিবাসী মহিলা খারিজ ভাঙ্গার জন্য দীর্ঘদিন যাবৎ ভূমি অফিসের রহুল আমিনের সঙ্গে যোগাযোগ করে যাওয়া-আসা করছিল। এ বাবদ ওই আদিবাসী মহিলা ইতিপূর্বে তাকে ৪০ হাজার টাকা দিয়েছিল।
কিন্তু কোনোভাবেই খারিজ ভাঙ্গার কাগজপত্র পাচ্ছিল না। কাগজ পেতে রোববার আরো ২০ হাজার টাকা নিয়ে আসতে বলে ওই কর্মচারী।
এ সময় গোপন সংবাদের ভিত্তিতে নগদ ২০ হাজার টাকা আরো তার কাছে থাকা ২৯,৩১৫ টাকা মোট ৪৯ হাজার ৩১৫ টাকাসহ রহুল আমিনকে আটক করে দুদক কর্মকর্তারা।
এ সময় উপস্থিত ছিলেন- দুদকের বিভাগীয় পরিচালক মোঃ নাছিম আনোয়ার, দুদকের টাঙ্গাইল, জামালপুর, শেরপুর সমন্বিত উপ-পরিচালক তৌফিকুল ইসলাম, নালিতাবাড়ীর সহকারী ভূমি কশিশনার জেবুন নাহার শাম্মী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ফসিহুর রহমান, ভাইস চেয়ারম্যান প্রমুখ।
এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।


