সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী খাদিজা বেগম নার্গিসকে কুপিয়ে আহত করার ঘটনায় মামলা হয়েছে।
মঙ্গলবার দুপুরে বদরুল আলমকে আসামি করে খাদিজার চাচা কুদ্দুস বাদী হয়ে নগরীর শাহপরান থানায় মামলাটি দায়ের করেন।
শাহপরান থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহজালাল মুন্সী মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মামলায় বদরুল আলমকে একমাত্র আসামি করা হয়েছে। এ মামলায় বদরুলকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
প্রসঙ্গত, সিলেট সরকারি মহিলা কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী খাদিজা সোমবার বিকেলে সিলেট এমসি কলেজ কেন্দ্রে পরীক্ষা দিয়ে ফেরার পথে বদরুল তাকে কুপিয়ে গুরুতর আহত করেন। খাদিজা বর্তমানে ঢাকার স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন।
এদিকে খাদিজার ওপর হামলার ঘটনায় শিক্ষার্থীরা বদরুলকে আটক করে পিটুনি দেয়।
খবর পেয়ে শিক্ষার্থীদের হাত থেকে বদরুলকে নিজেদের জিম্মায় নেয় পুলিশ। বর্তমানে পুলিশ প্রহরায় সিলেট ওসমানী হাসপাতালে বদরুল চিকিৎসাধীন।


