সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা বেগম নার্গিসকে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বদরুল আলমকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বদরুল ছিলেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক মো. রাশেদ তালুকদারকে আহ্বায়ক করে তিন সদস্যবিশিষ্ট ‘ফ্যাক্টস ফাইন্ডিং’ নামে একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কমিটির অন্য সদস্যরা হচ্ছেন অর্থনীতি বিভাগের শিক্ষক মুন্সী নাসের ইবনে আফজাল ও শাহপরান হলের সহকারী প্রাধ্যক্ষ শাহেদুল হোসেন। আজ মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আমিনুল হক ভূইয়ার সভাপতিত্বে প্রক্টরিয়াল কমিটির বর্ধিত সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
গতকাল সোমবার সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা পরীক্ষার হল থেকে বের হওয়ার সময় তাঁর ওপর চাপাতি নিয়ে হামলা চালান বদরুল আলম। খাদিজাকে প্রথমে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে এক দফা অস্ত্রোপচার শেষে গতকাল রাতে তাঁকে রাজধানীর স্কয়ার হাসপাতালে আনা হয়। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকেরা জানিয়েছেন।
ঘটনার পরপরই খাদিজার সহপাঠীসহ স্থানীয় জনতা ধাওয়া করে বদরুলকে ধরে পুলিশে দেন। তাঁর বাড়ি সুনামগঞ্জের ছাতকে।


