জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের ওপর নির্মিত প্রামাণ্য চলচ্চিত্র ‘সেই কণ্ঠস্বর’ বাংলাদেশ শিল্পকলা একাডেমিসহ দেশের ৬৪ জেলার শিল্পকলা একাডেমিতে একযোগে প্রদর্শিত হতে যাচ্ছে। প্রামাণ্য চলচ্চিত্রটি নির্দেশনা দিয়েছেন প্রিয়াংকা আচার্য্য ও শাহ ওয়ালিদ আকরাম।
‘সেই কণ্ঠস্বর’ বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে সপ্তাহব্যাপী বাংলাদেশ স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র উৎসবে আগামী ৬ অক্টোবর বৃহস্পতিবার বিকেল ৫টায় দেশের সব জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রদর্শিত হবে।
ওঙ্কার’র প্রযোজনায় এ প্রামাণ্য চলচ্চিত্রে মূলত বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের প্রত্যক্ষদর্শীদের স্মৃতিচারণা, ভাষণটির তাৎপর্য ও গুরুত্ব বিশ্লেষণ তুলে ধরা হয়েছে। পাশাপাশি ভাষণ সম্পর্কে তরুণ প্রজন্মের দৃষ্টিভঙ্গিও হয়েছে এখানে স্থান পেয়েছে।
প্রামাণ্য চলচ্চিত্রটিতে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, আইনবিদ ড. কামাল হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, কথাসাহিত্যিক সেলিনা হোসেন, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ, সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম, মোহাম্মদ মহিউদ্দিন (বঙ্গবন্ধুর দেহরক্ষী), মুক্তিযোদ্ধা মাহবুব জামান এবং গোপাল চন্দ্র দাসের স্মৃতিচারণামূলক সাক্ষাৎকারের চিত্রগ্রহণ করা হয়েছে।
ভাষণটির তাৎপর্য বিশ্লেষণ করেছেন বাংলা একাডেমির পরিচালক ড. জালাল ফিরোজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মেসবাহ কামাল ও ড. সানজীদা আকতার, শিল্পী নাজীব তারেক কথাসাহিত্যিক মনি হায়দার প্রমুখ।



Leave a Reply