সিলেটে কলেজছাত্রী খাদিজা বেগমের ওপর হামলার ঘটনার বিচার নিয়ে সংশয় প্রকাশ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘সুযোগ এলে প্রতিটি হত্যা, গুমের বিচার হবে।’
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে গয়েশ্বর এই মন্তব্য করেন। খাদিজার ওপর হামলার প্রতিবাদে বিএনপির অঙ্গসংগঠন মহিলা দল ওই কর্মসূচি পালন করে।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা, কুমিল্লায় তনু হত্যার ঘটনার কোনো বিচার হয়নি। খাদিজার ওপর হামলার ঘটনা যেন তনু হত্যার ঘটনার মতো হারিয়ে না যায়। তিনি আরও বলেন, দেশের প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা, স্পিকার নারী। তারপরও নারী হত্যা, নির্যাতন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। তিনি অভিযোগ করেন, দেশ হত্যার অভয়ারণ্যে পরিণত হয়েছে। সরকার ধোঁকাবাজি ও মিথ্যাচার করে ক্ষমতায় টিকে আছে।
বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান বলেন, দেশে একের পর এক মা-বোনদের হত্যা করা হচ্ছে। রাজনৈতিক কর্মীদের হত্যা করা হচ্ছে। কিন্তু কোনো হত্যাকাণ্ডের বিচার হচ্ছে না। সিলেটে প্রকাশ্যে খাদিজার ওপর হামলাকারী ছাত্রলীগের নেতার বিচার হবে কি না, সে প্রশ্ন রাখেন তিনি। বিএনপির এই নেতা বলেন, এ অবস্থার পরিবর্তন দরকার।


