সারাদেশে জঙ্গিবিষয়ক ১৬৯টি মামলা রয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
এর মধ্যে ঢাকা বিভাগে ৬০টি, চট্টগ্রাম বিভাগে ৩৬টি, রাজশাহী বিভাগে ২৭টি, খুলনা বিভাগে ১২টি, বরিশাল বিভাগে ৭টি, সিলেট বিভাগে ৮টি এবং রংপুর বিভাগে ১৯টি।
মন্ত্রী বলেন, “জঙ্গি সংশ্লিষ্ট এসব মামলা দ্রুত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট সরকারি কৌঁসুলিদের নির্দেশ দেওয়া হয়েছে। যেসব মামলা বিচারাধীন সেসব আদালতে যেন সার্বক্ষণিক বিচারক থাকেন সে বিষয়ে আইন ও বিচার বিভাগ সজাগ দৃষ্টি রাখছে।”
জঙ্গিদের বিরুদ্ধে দায়ের করা মামলার বিচার ত্বরান্বিত করতে ৭ বিভাগীয় শহরে সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল গঠনের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান মন্ত্রী।
আনিসুল হক বলেন, অধস্তন আদালতের কাজকর্মে গতিশীলতা আনতে ‘ই-জুডিশিয়ারি’ নামের একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এটি বাস্তবায়িত হলে বিচার প্রক্রিয়া আরও সহজ, স্বচ্ছ ও গতিশীল হবে।


