শুরুতে লড়াই করলেন মাহমুদউল্লাহ, শেষটায় ঝড় তুললেন মাশরাফি বিন মুর্তজা। তাতে বাঁচা-মরার ম্যাচে লড়াইয়ের পুঁজি গড়েছে বাংলাদেশ। এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিততে ২৩৯ রান চাই ইংল্যান্ডের।
এলবিডব্লিউ হয়ে বিদায় নেন মাহমুদউল্লাহ (৮৮ বলে ৭৫)। আদিল রশিদের বলে সুইপ করতে গিয়ে ব্যাটে ছোঁয়াতে পারেননি তিনি। আম্পায়ার আউট দেওয়ার পর রিভিউ নিয়েও সিদ্ধান্ত পাল্টানো যায়নি।
স্টোকসের লেগ স্টাম্পের বাইরের বলে ক্যাচ দিয়ে ফিরেন সাকিব আল হাসান (১৪ বলে ৩)। গ্লাভস ছুঁয়ে আসা ক্যাচ ধরতে কোনো ভুল করেননি উইকেটরক্ষক জস বাটলার।
বেন স্টোকসের বলে চার হাঁকিয়ে ৫১ বলে অর্ধশতকে পৌঁছান মাহমুদউল্লাহ। এটি তার ষোড়শ অর্ধশতক।
মাহমুদউল্লাহর সঙ্গে অর্ধশত রানের জুটি গড়ে ফিরেন মুশফিকুর রহিম (২৩ বলে ২১)। জেইক বলের শর্ট বলে হুক করে টাইমিংয়ে গড়বড় করে ক্যাচ দেন তিনি। ফাইন লেগ থেকে অনেকটা দৌড়ে এসে চমৎকার এক ডাইভিং ক্যাচে তার বিদায় নিশ্চিত করেন মইন আলি।
দ্রুত ৩ উইকেট হারানো বাংলাদেশ প্রতিরোধ গড়ে মাহমুদউল্লাহ ও মুশফিকুর রহিমের ব্যাটে। উইকেট ধরে রাখার সঙ্গে রানের গতি বাড়ানোর কাজটাও করেন এই দুই নির্ভরযোগ্য ব্যাটসম্যান। অর্ধশত রানের জুটি গড়ার পথেই ওয়ানডেতে চার হাজার রানের মাইলফলক অতিক্রম করেন মুশফিক।
প্রথম ওভারেই সাফল্য পান গত ম্যাচের ম্যাচসেরা জেইক বল। বাউন্স ঠিকমতো খেলতে না পেরে ব্যাটের নীচের কানায় লেগে বোল্ড হন রানের জন্য সংগ্রাম করতে থাকা সাব্বির রহমান (২১ বলে ৩)।
প্রথম ১০ ওভারে দুই উদ্বোধনী ব্যাটসম্যানকে হারিয়ে ৩০ রান সংগ্রহ করে বাংলাদেশ। প্রান্ত বদল করে খেলতে পারেনি স্বাগতিকরা। বাউন্ডারিও আসে মাত্র চারটি।
শর্ট বলে পুল করতে গিয়ে টাইমিংয়ে গড়বড় করে ফিরেন তামিম ইকবালও (৩১ বলে ১৪)। ক্রিস ওকসের বলে মিডউইকেটে মইন আলির কাছে সহজ ক্যাচ যায়।
রানের গতি বাড়াতে গিয়ে ক্রিস ওকসের শর্ট বলে ধরা পড়েন ইমরুল কায়েস (১৮ বলে ১১)। পুল করতে গিয়ে ঠিক ভাবে পারেননি; ব্যাটের কানায় লেগে ডিপ স্কয়ার লেগে যাওয়া ক্যাচ সহজেই তালুবন্দি করেন ডেভিড উইলি।
প্রথম পাঁচ ওভারে ২১টি ডট বল খেলা বাংলাদেশের দুই উদ্বোধনী ব্যাটসম্যান রানের গতি বাড়ানোর চেষ্টা করেন।
ইংল্যান্ডের দুই পেসারের আঁটসাঁট বোলিংয়ে শুরুতে সতর্ক ব্যাটিং করেন বাংলাদেশের দুই উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল ও ইমরুল কায়েস।
টসে জিতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার।
বাংলাদেশ দলে একটি পরিবর্তন; মোশাররফ হোসেনের বদলে একাদশে ফিরেছেন নাসির হোসেন। ইংল্যান্ড দল অপরিবর্তিত আছে।
টসের পর বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা জানান, টসে জিতলে তিনিও বোলিং নিতেন।
বাংলাদেশ একাদশ: মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, ইমরুল কায়েস, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ, নাসির হোসেন, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, শফিউল ইসলাম, তাসকিন আহমেদ।
সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ ৫০ ওভারে ২৩৮/৮


