বুধবার ৪ নভেম্বর ২০২৬

‘মাদকের টাকা না পেয়ে’ পাথর ছুড়ে স্ত্রীকে হত‌্যা

‘মাদকের টাকা না পেয়ে’ পাথর ছুড়ে স্ত্রীকে হত‌্যামাদক সেবনের জন‌্য টাকা চেয়ে না পেয়ে পাথর ছুড়ে স্ত্রীকে হত‌্যার অভিযোগে এক ব‌্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহতের নাম মরিয়ম বেগম (৩৫)। তার স্বামীর নাম রুবেল (৩২)। চট্টগ্রামে ফুটপাতে রাত কাটাত তারা। রুবেল মরিয়মের দ্বিতীয় স্বামী বলে জানিয়েছে পুলিশ।

সোমবার ভোরে কোতোয়ালির কাটাপাহাড় এলাকা থেকে মরিয়মের লাশ উদ্ধার এবং রুবেলকে গ্রেপ্তার করা হয়।

কোতোয়ালি থানার এসআই হারুনুর রশিদ বলেন, এরা স্বামী-স্ত্রী দুজনই মাদকাসক্ত ও ভাসমান। নগরীর ডিসি হিল, কাজীর দেউড়ি ও কাটাপাহাড় এলাকার ফুটপাতে রাত কাটাত তারা।

তিনি বলেন, “মরিয়ম কাগজ কুড়িয়ে কিছু টাকা উপার্জন করত, যার ভাগ চেয়ে আসছিল রুবেল। রোববার দুপুরে মাদক সেবনের জন্য স্ত্রীর কাছে টাকা চায় রুবেল, না পাওয়ায় দুজনের ঝগড়াও হয়। রাত ২টার দিকে ঝগড়ার এক পর্যায়ে পাথর ছুড়লে ঘটনাস্থলেই মরিয়ম মারা যায়। পরে পুলিশ রাতের মধ্যে কাটাপাহাড় এলাকা থেকে রুবেলকে গ্রেপ্তার করে।”

মরিয়মের আগের ঘরের ছেলে রহিম (১৮) এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেছেন। রুবেলকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানান এসআই হারুন।

ময়নাতদন্ত শেষে মরিয়মের লাশ দাফনের জন‌্য আঞ্জুমানে মুফিদুল ইসলামকে দিয়েছে পুলিশ।

আরও পড়ুন