বুধবার ৪ নভেম্বর ২০২৬

একই আঙিনায় চলছে নামাজ আদায় ও পূজা

একই আঙিনায় চলছে নামাজ আদায় ও পূজাশতবছর ধরে পাশাপাশি অবস্থান মসজিদ ও মন্দিরের। একই আঙিনায় নিয়মিত অনুষ্ঠিত হয়ে আসছে ইসলামি জলসা ও পূজা উৎসব। এবারও পূজায় দেখা গেছে সেই দৃশ্য। মসজিদে নামাজ পড়ার পাশাপাশি মন্দিরে চলছে পূজাঅর্চণা।

লালমনিরহাট শহরের পুরানবাজার এলাকায় অবস্থিত এই মসজিদ ও মন্দির। মসজিদ ও মন্দির প্রায় কাছাকাছি সময়ে প্রতিষ্ঠিত হলেও এ সম্পর্কিত সঠিক কোনো ইতিহাস পাওয়া যায়নি।

১৩০২ বঙ্গাব্দ অর্থাৎ ১৮৯৫ সালে দুর্গামন্দির প্রতিষ্ঠার আগে এখানে কালীমন্দির প্রতিষ্ঠিত হওয়ায় পুরানবাজার এলাকাকে অনেকে কালীবাড়ি নামে অভিহিত করে থাকেন। এদিকে ১৩০৭ বঙ্গাব্দ মোতাবেক ১৯০০ সালে এখানে একটি নামাজঘর নির্মিত হয়। এই নামাজঘরটিই পরে পুরানবাজার জামে মসজিদ নামে পরিচিতি লাভ করে। এর পর থেকেই এখানে সম্প্রীতির সঙ্গে ধর্মীয় অনুষ্ঠানাদি পালন করে আসছে দুটি সম্প্রদায়ের মানুষ।

কালীবাড়ি দুর্গামন্দিরের পুরোহিত শংকর ঠাকুর এবং পুরানবাজার জামে মসজিদের ইমাম হাফেজ মো. শাহীনুর আলম সময়ের কণ্ঠস্বরকে  জানান, মসজিদ ও মন্দির কমিটির সদস্যরা বসে ঠিক করে নেন কখন এবং কীভাবে ধর্মীয় অনুষ্ঠান পালন করা হবে।

লালমনিরহাট জেলা প্রশাসক আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খান নিউজওয়ার্ল্ডবিডি ডট কমকে জানান, অসাম্প্রদায়িক চেতনার ভিত্তিতে যে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে, তার উৎকৃষ্ট উদাহরণ এই লালমনিরহাট, যা দুই চোখে না দেখলে অনুভব করা যাবে না। এখানে একই সময়ে দুটি সম্প্রদায় তাদের নিজ নিজ ধর্ম পালন করছেন। মসজিদ ও মন্দিরসংলগ্ন খোলা জায়গাটিতে পূজা উপলক্ষে যেমন হিন্দু ধর্মাবলম্বীদের মেলা বসে, তেমনি মুসলমানদের ওয়াজ মাহফিল এবং জানাজাও অনুষ্ঠিত হয়ে থাকে কোনো বাধাবিঘ্ন ছাড়াই।
-লালমনিরহাট সংবাদদাতা।

আরও পড়ুন