দুর্গাপূজায় এক মণ্ডপে দায়িত্ব পালনের সময় দুই নারী আনসারকে ধর্ষণের অভিযোগ উঠেছে তাদের এক সহকর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত আনসার সদস্যের বিরুদ্ধে থানায় মামলা করেছেন ওই দুই নারী।
বৃহস্পতিবার তাদের ডাক্তারি পরীক্ষার জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান বীরগঞ্জ থানার ওসি আবু আককাস আহম্মেদ।
তিনি বলেন, “ধর্ষিতদের মধ্যে এক নারীর স্বামী বুধবার রাতে আনসার সদস্য তাপস চন্দ্রকে আসামি মামলা করেছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
ওই দুই নারী জানান, তারাসহ ছয়জন আনসার ভিডিপি সদস্য দিনাজপুরে বীরগঞ্জ উপজেলার সাতোর ইউনিয়নের বটতলী বাজার সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপে নিরাপত্তার দায়িত্বে ছিলেন। মণ্ডপের পাশে একটি দোকানঘর তাদের বিশ্রামের জন্য দেওয়া হয়।
১১ অক্টোবর ভোরে পোশাক পরিবর্তনের সময় তাপস চন্দ্র ওই ঘরে ঢুকে পড়ে এবং এক পর্যায়ে ভয়ভীতি দেখিয়ে তাদের ধর্ষণ করেন বলে অভিযোগ তাদের।
ঘটনার কথা প্রকাশ করলে কর্তব্য পালনের টাকা না দেওয়াসহ মেরে ফেলারও হুমকি দেন তাপস, বলেন তারা।
উপজেলা আনসার ভিডিপির ভারপ্রাপ্ত কর্মকর্তা হালিমা খাতুন বলেন, “বিষয়টি জানার পর ওই দুই নারী সদস্যকে থানায় মামলা করার পরামর্শ দিয়েছি। সেইসঙ্গে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছি।”


